ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নারী-শিশুসহ আরও ৩ জন। বুধবার সকালে মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হীরার দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়া টিএন্ডটি এলাকার বাসিন্দা সিএনজি চালক ইমাম হোছন (৩৫) ও নজির আহমদ (৬০)। তৎক্ষানিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করে হাইওয়ে পুলিশ।
রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান , টেকনাফমুখী একটি কাভার্ডভ্যানের সাথে কক্সবাজারমুখী যাত্রী বোঝাই সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ড্রাইভার ও নারী-শিশুসহ চার যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর সিএনজি চালক মারা যান বলে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।
ওসি আরও জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তিনি নিজেই ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায় এবং বাকীদেরও আশংকাজনক অবস্থান হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
তিনি আরও বলেন, এ ঘটনায় দুমড়ে মুছড়ে গেছে সিএনজিটি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। নিহত দু’জনের পরিচয় পাওয়া গেলেও অপর হতাহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
ভয়েস/আআ