কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের গভীর পাহাড়ী এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। কারখানা থেকে ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় অস্ত্র তৈরির কারিগর দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার রাত আটটার দিকে এসব তথ্য জানান কক্সবাজার র্যাব—১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার।
গ্রেফতার দেলোয়ার হোসেন টৈটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব—১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার দুপুর থেকে টানা ৫ ঘন্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত পৌনে আটটার দিকে। এসময় অস্ত্র কারখানা থেকে ৫টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেলোয়ারকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা ও বনদস্যুতায় ব্যবহার করা হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে।
ভয়েস/ জেইউ।