কক্সবাজারের উপকূল থেকে ৬৫টি কাছিমের বাচ্চা অবমুক্ত করেছে বন বিভাগ। এসব কাছিমের বাচ্ছা বন বিভাগের হ্যাচারিতে জন্ম নিয়েছিল।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের পেঁচারদ্বীপ সাগর পয়েন্টে এসব কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারোয়ার আলম জানান, সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করে আসছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)। তাদের হ্যাচারিতেই জন্ম নিয়েছে এসব কাছিমের বাচ্চা। তাদের কাছে আরও অন্তত ৫ হাজার ডিম সংরক্ষিত রয়েছে।
দীর্ঘদিন ধরে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ, নেকম এবং হিমছড়ি সহ-ব্যবস্থাপনা এর সরাসরি তত্ত্বাবধানে কাছিমের হ্যাচারিতে কাছিমের ডিম সংরক্ষণ করা হয়। সেখানে জন্ম নিচ্ছে এসব বাচ্চা। পরে তা সাগরে অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন, বনবিভাগের হিমছড়ি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শোভন, নেকমের ডিপিডি শফিকুর রহমান, হিমছড়ি সহব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট আয়াছুর রহমান প্রমুখ।
ভয়েস/আআ