শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী উপজেলার জেলার প্রাচীনতম বিদ্যাপীঠ মহেশখালী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।এই বিদ্যালয় জেলার প্রাচীনতম বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষার অন্যতম বাহন।দীর্ঘদিনের অভিযোগ, সুষ্ঠু ব্যবস্থাপনা আর দক্ষ একজন প্রধান শিক্ষকের অভাবে দিনদিন হারাচ্ছে আগের স্কুলের ঐতিহ্য ও সুনাম।
সূত্রে জানা যায়, মহেশখালী মডেল হাই স্কুলের দীর্ঘ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন গিয়াস উদ্দিন কাদের। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ প্রধান শিক্ষক না থাকায় অত্র স্কুলের পড়া লেখার মান ও প্রশাসনিক ক্ষেত্রে অনেক সমস্যা বিদ্যমান ছিল বলে অনেকে জানান একজন প্রবীণ শিক্ষক।
এদিকে জানা যায়, আগামী ১৮ এপ্রিল উক্ত স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারিত হওয়ায় এবং গিয়াস উদ্দিন কাদেরও একজন আবেদনকারী হওয়ায় উক্ত নিয়োগ পরীক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে অত্র স্কুলের সিনিয়র শিক্ষক শামীম ইকবালকে। তিনি বাস্তবে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে তেমন কিছু জানেন না। তাকে নামে মাত্র দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক নিয়োগ সংক্রান্ত সংশ্লিষ্ট সুত্র।তিনি প্রশ্ন রেখে বলেন, মহেশখালী উপজেলার এতো বড় নাম করা একটি স্কুল যা কক্সবাজার জেলার মধ্যে বেসরকারি পর্যায়ের একটি সেরা স্কুল এই স্কুলে একজন প্রধান শিক্ষক নিয়োগ করা হবে তা চুপেচুপে কেন? অনেক সচেতন মহল মনে করেন যে, মহেশখালী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ করা হবে এটি যদি বহুল প্রচারিত হতো তাহলে এখানে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন জায়গা থেকে ডাইনামিক, প্রশাসনিক দক্ষতা ও বিচক্ষণ মেধা সম্পন্ন প্রধান শিক্ষকগণ আবেদন জমা দিতো। এতে কমপক্ষে ২০/৩০ টা আবেদন জমা পড়তো বলে অনেকের ধারণা। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষনা করা হয়েছে আগামী ১৮ এপ্রিল। অথচ এই বিষয়টি স্কুলের অনেক শিক্ষকও জানেনা। স্কুলে শিক্ষকদের মাঝে কানাঘুষা চলছে মূলত ভারপ্রাপ্ত কে ভারমুক্ত করতে এমন চুপিসারে আয়োজন।
বিষয়টি নিয়ে সাময়িক দায়িত্বপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শামীম ইকবালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে আমি তেমন কিছু জানিনা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন কাদের আমার কাছ থেকে একটি দস্তখত নিয়ে বলেন, আপনি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটি বাস্তবায়ন করবেন। প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে কখন পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল এব্যাপারে জানতে চাইলে তিনি এব্যাপারে কিছুই জানেন না বলে জানান। আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় মাত্র ৫ টি আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।
এব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন কাদের নিয়োগের প্যানেল কোটা পুরণের জন্য তার পছন্দমতো ৫ টি আবেদন জমা নিয়েছেন এমনটি অভিযোগ পাওয়া গেছে। কক্সবাজার জেলার মধ্যে সেরা বেসরকারি একটি স্কুল এই মহেশখালী মডেল হাই স্কুলের একজন প্রধান শিক্ষক নিয়োগ করা হবে তা প্রশাসনিক দক্ষতা, বিচক্ষণতা ও ডাইনামিক মেধা সম্পন্ন প্রয়োজনে যাচাই-বাছাই করে একজন প্রধান শিক্ষক নিয়োগ করার জন্য এবং আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা আপাতত স্থগিত রাখার জন্য মহেশখালীর সচেতন মহল মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন, জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফজলুল করিম এর হস্তক্ষেপ কামনা করেছেন।
আরো উল্লেখ্য যে, এই মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সরকারি-বেসরকারি যে কোন প্রোগ্রাম বিশেষ করে মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের মতো বড় বড় প্রোগ্রাম বাস্তবায়ন হয়ে থাকে। তাই সংগত কারণে অনেকের চাওয়া এই মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক হবে অত্যন্ত প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ও মেধাবী একজন প্রধান শিক্ষক।
ভয়েস/ জেইউ।