শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় যাত্রী বাহী বাস ও সিএনজির সংঘর্ষে মনিরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এতে অন্তত আরো ৫ জন আহত হয়েছেন। আজ রবিবার দুপুরে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের মৌলভীবাজার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা বেগম (৪৫) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকার আবু তাহেরের স্ত্রী।
নিহতের মেয়ে রূপা বেগম (২৫), একই এলাকার আবু তাহেরের মেয়ে ইকরা আক্তার (২২), মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের নাছির মোহাম্মদ ডেইল এলাকার বাদশা মিয়ার মেয়ে ইয়াছমিন (৪০) ইয়াছিমের ছেলে মোহাম্মদ রিয়াদ (৮) ও মহেশখালী পৌরসভার চরপাডা এলাকার মৃত মনির আমাদের মেয়ে তানিয়া আক্তার (২৩) আহত হয়েছেন।
তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই বাসের ধাক্কায় সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায়। ওই সময় সিএনজির ভিতর থাকা যাত্রীরা হতাহত হয়। পেকুয়া থানা পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ভয়েস/আআ