কক্সবাজারে বঙ্গোপসাগরে গোসল করতে নেমে সাইদুল ইসলাম জহির (২৮) নামে এক পর্যটক যুবক নিখোঁজের তিনদিন পরও এখনও খোঁজ মিলেনি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্ভাব্য এলাকা গুলোতে ইতিমধ্যে কয়েকবার তল্লাশী চালিয়েছেন।
রবিবার (১৫ মে) কক্সবাজার ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো: সেলিম উদ্দিন।
ওসি সেলিম উদ্দিন কক্সবাজার ভয়েসকে জানান, রাতে কক্সবাজারের বাঁকখালী মোহনায় একটি মরদেহ ভাসছে বলে ৯৯৯ থেকে এমন একটি খবর আসে পুলিশের কাছে।এ খবরে কক্সবাজার সদর মডেল থানার পুলিশের একটি দল স্থানীয় কোস্টগার্ডকে সাখে নিয়ে ব্যাপকভাবে সম্ভাব্য এলাকা গুলোতে তল্লাশী করে। কিন্তু কোথাও কোন মরদেহ পাওয়া যায়নি।
এর আগে গত শুক্রবার (১৩ মে) পাঁচ বন্ধু বেলা ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজারে পৌঁছেন। এরপর সৈকতের সুগন্ধা পয়েন্টের দুইটি কিটকট চেয়ার ভাড়া নেন। পরে সবাই সাগরে গোসল করতে নামেন।
এক সঙ্গে আসা খালাতো ভাই শামসুল জানান, তিনি ও জহির একসঙ্গে সাগরে নামেন। শামসুল গভীর পানিতে নামলেও জহির সাঁতার না জানায় কোমর পানিতেই ছিল। ঘণ্টাখানেক পর থেকে তারা জহিরকে খুঁজে না পেয়ে ট্যুরিস্ট পুলিশকে জানান। দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সাগরে নিখোঁজের বিষয়টি বুঝতে না পেরে মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করতে থাকে। কিন্তু তাৎক্ষণিক লাইফ গার্ড কর্মীদের বিষয়টি জানানো হয়নি। পরে বিকালে লাইফ গার্ড কর্মীদের জানানো হয়।
ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হলেও এখনও সন্ধান পাওয়া যায়নি।
ভয়েস/আআ