সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
মহেশখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার সরঞ্জামসহ দুই এজেন্টকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে এসআই মোজাহারুল ইসলাম, এএসআই (নিঃ) ওয়াসীম মিয়া এবং সঙ্গীয় ফোর্স উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সিকদারপাড়ার ‘বউয়ের জালা’ হোটেলের সামনের পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. শাহেদ (২১), পিতা: আমির আলী এবং মো. আলফাজ (২৬), পিতা: নাছির উদ্দিন। তাদের উভয়ের বাড়ি মাতারবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাইরার ডেইল এলাকায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অনলাইন জুয়ার কার্যক্রমে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহেশখালী থানায় এফআইআর নং-৩৯, তারিখ ২৭ জুলাই ২০২৬, জিআর নং-২২৯/২৬ মূলে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ২৫ ও ২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মহেশখালী থানার ওসি জানিয়েছেন অনলাইন জুয়া, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভয়েস / জেইউ