শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে পড়ে শৌভিক রায় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শৌভিক রায়ের বাড়ি খুলনা জেলায়। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, প্যারাসাইলিং চলাকালে হঠাৎ তিনি নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন। পরে সি স্পোর্টস প্যারাসাইলিং কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতের সহযাত্রী, স্বজন ও সফরসঙ্গীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অভিযোগ রয়েছে, কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসাইলিং কার্যক্রম পরিচালিত হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অতীতেও একই প্রতিষ্ঠানের প্যারাসাইলিং কার্যক্রমে দুর্ঘটনার ঘটনা দেশব্যাপী আলোচনায় আসে। তবে এসব ঘটনার পরও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার মো: মারুফাত হোসেন জানান- ‘বিষয়টি তিনি এখনও অবগত নন। তবে খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানান।
এ বিষয়ে জেলা প্রশাসন, পর্যটন কর্তৃপক্ষ কিংবা সি স্পোর্টস প্যারাসাইলিং কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভয়েস/আআ