বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
নতুন ছবিতে মুম্বাইয়ের এক বক্সারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন টাইগার শ্রফ। পরিচালনা করছেন বিকাশ বহল। জানা গেছে, ‘গনপত’ শিরোনামের এ ছবিতে থাকছেন দুই নায়িকা।একজন সাধারণ তরুণের বিখ্যাত বক্সার হওয়ার কাহিনি এটি। আবহে থাকছে বাবা-ছেলের সম্পর্কের গল্প।
ডিসেম্বরে শুটিং ফ্লোরে যাবে ‘গনপত’। টাইগারের সঙ্গে থাকছেন নূপুর স্যানন ও নোরা ফাতেহি। বলিউড হাঙ্গামা জানায়, তারা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় নায়িকা চরিত্রে অভিনয় করবেন। ‘গনপত’-এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন টাইগার, নূপুর ও নোরা।
নূপুর বলিউড নায়িকা কৃতি স্যাননের ছোট বোন। মিডিয়ায় ইদানিং তার পরিচিতি বেশ ছড়িয়েছে। তবে অভিনয়ের চেয়ে গানের জন্য তাকে চেনেন অনেকে। বিজ্ঞাপনেও দেখা গেছে।
অন্য দিকে, হালে বলিউডের এক নম্বর আইটেম গার্ল নোরা ফাতেহি। ছবিতেও টুকটাক অভিনয় করেন তিনি। ‘গনপত’-এর প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্টের ‘বেল বটম’ ছবিতে আইটেম গান করেছেন তিনি। এরপর পান নায়িকার চরিত্র।
তবে স্পোর্টস ড্রামাধর্মী এ সিনেমায় নায়িকাদের চরিত্র কেমন হবে তা জানা যায়নি। এর মাঝেই বক্সিং ট্রেনিং নেওয়া শুরু করেছেন টাইগার। তার হাতে আছে আরও দুই ফ্র্যাঞ্চাইজি। কিছুদিন আগে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘বাগি ফোর’ ও ‘হিরোপান্তি টু’র ঘোষণা দিয়েছেন।
ভয়েস/আআ