সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
প্রায় ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেন রোনালদিনিও। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে মাঠে নেমে জয়ও পেয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা।
তবে আগের সেই দুর্দান্ত ড্রিবলিং কিংবা চোখধাঁধানো ফুটবল নয়, বরং সতীর্থদের সঙ্গে সহজ পাস খেলেই প্রথমার্ধ কাটিয়েছেন ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
রোববার ইতালির আদ্রিয়াটিক উপকূলের কাছে স্তাদিও ব্রুনো বেনেল্লিতে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলিকে ২-০ গোলে হারায় রাভেন্না।
এই ম্যাচে ক্লাবটির হয়ে প্রথমার্ধ খেলেন রোনালদিনিও। তার সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে।
বার্সেলোনা ও ব্রাজিলের হয়ে খেলার সময় অসাধারণ ড্রিবলিং, বল নিয়ন্ত্রণ আর নান্দনিক ফুটবলের জন্য পরিচিত ছিলেন রোনালদিনিও। তবে রাভেন্নার হয়ে এদিন তাকে বেশির ভাগ সময় হেঁটে বেড়াতে এবং সতীর্থদের পাস দিতে দেখা গেছে।
৩৬ মিনিটে জুলিও দোনাতির করা গোলের আক্রমণেও যুক্ত ছিলেন তিনি।
মাঠে রোনালদিনিওর উপস্থিতি ঘিরে ছিল উৎসবের আমেজ। পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে বিশেষ এই ম্যাচের জন্য অস্থায়ীভাবে আরও ১ হাজার ৮০০ আসনের গ্যালারি তৈরি করা হয়। সেটির নাম দেওয়া হয়েছিল ‘আর১০’। গ্যালারিতে আতশবাজি ও ধোঁয়ার কুণ্ডলী, আর স্টেডিয়ামের স্পিকারে আন্দ্রেয়া বোচেল্লির বিখ্যাত গান ‘কন তে পার্তিরো’। সব মিলিয়ে ছিল ব্যতিক্রমী আয়োজন।
ম্যাচ শেষে তরুণ ফুটবলারদের সঙ্গে মাঠ ভাগ করে নিতে পেরে আনন্দ প্রকাশ করেন রোনালদিনিও। তিনি বলেন, ‘অনেক তরুণ ফুটবলারকে দেখে দারুণ লাগছে, যারা আমাকে খেলতে দেখে বড় হয়েছে এবং এখন আমার সঙ্গে একই মাঠে খেলছে।’
রোনালদিনিওকে দলে নেওয়ার ঘোষণা গত জুনেই দিয়েছিলেন রাভেন্নার মালিক ইতালীয়-আমেরিকান ব্যবসায়ী ইগনাজিও চিপ্রিয়ানি। ক্লাবটির পরিচিতি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়। আগস্টের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হলেও ম্যাচের কয়েক দিন আগে ইতালিতে পৌঁছান ব্রাজিলিয়ান কিংবদন্তি। সতীর্থদের সঙ্গে মাত্র একটি অনুশীলন সেশন করেই মাঠে নামেন তিনি।
রাভেন্নার হয়ে আবার খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে রোনালদিনিও বলেন, ‘এখনো জানি না।’ পরে যোগ করেন, ‘এখন সিদ্ধান্ত সভাপতির। তিনি ডাকলে আমি আবার আসব।’
২০০৮ সালের পর থেকে ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’-তে খেলতে পারেনি রাভেন্না। বর্তমানে সিরি ‘সি’-এর নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে আছে দলটি। শীর্ষে থাকা স্পেজিয়ার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে তারা। সিরি ‘সি’-এর তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি সিরি ‘বি’-তে ওঠে। বাকি একটি জায়গা নির্ধারিত হয় প্লে-অফের মাধ্যমে।
ভয়েস/আআ