বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সেন্টমার্টিন, ফাইল ছবি। ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া শতাধিক পর্যটক কাঠের ট্রলারে করে জীবনের ঝুঁকি নিয়ে টেকনাফে ফিরে এসেছে। আজ বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে ৪টি কাঠের ট্রলারে করে তারা টেকনাফের কায়ুকখালী ঘাটে পৌঁছেন। তবে এখনো ২০/২৫ জন পর্যটক স্বেচ্ছায় সেখানে থেকে গেছেন বলে জানা গেছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুুুপুর ১২টার দিকে পর্যায়ক্রমে ৪টি যাত্রীপরিবহনে ব্যবহৃত কাঠের ট্রলারে করে তারা টেকনাফে ফিরে যান। বিকেলে সবাই নিরাপদে টেকনাফে পৌছেছেন। তিনি জানান আরো কিছু পর্যটক সেন্টমার্টিন দ্বীপে স্বেচ্ছায় রয়ে গেছে, তাদের দেখবাল করা হবে।
ফিরে আসা পর্যটকেরা টেকনাফে পৌঁছে জানিয়েছেন তারা গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর কক্সবাজার থেকে কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি জাহাজে তারা সেন্টমার্টিন ভ্রমণে যান। ২১ তারিখ তাদের ফিরে আসার কথা থাকলেও সাগরে ৩নং সংকেত জারী হওয়ায় সেদিন থেকে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তারা সেখানে আটকা পড়েন। তবে এসময় তাদের তেমন কোন অসুবিধা হয়নি বলে জানান।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সোমবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। এতে সেন্টমার্টিনে আটকা পড়েছিল শতাধিক পর্যটক।
ভয়েস/জেইউ।