মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
অবশেষে রামু রাজারকুল শর্মা পাড়ায় শশ্মান নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের অবসান হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এই বিরোধের সন্তোষজনক সমাধান হয়।
রামু সনাতনী সম্প্রদায়ের লোকজন জানান, রামু রাজারকুল শর্মা পাড়ায় শশ্মানটি রামকুটের সামনে অবস্থিত। বিগত ১০০ বছর ধরে এটি ব্যবহার হচ্ছে। উপজেলার পশ্চিম রাজারকুল শর্মা পাড়া, দেওয়ান পাড়া শর্মা পাড়া, দক্ষিণ ডিক ফতেখারকুল শর্মা পাড়া ও রামকুট শর্মা পাড়ার ৪ গ্রামের মানুষের মৃত দেহ এখানে সৎকার হয়ে আসছে। কিন্তু শশ্মানের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাই বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে শশ্মান পরিচালনা কমিটির সভাপতি সদীপ শর্মা ও সাধারণ সম্পাদক প্রদীপ শর্মা রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমার বরাবর মৌখিকভাবে আবেদন করেন।
তাদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা, রামু সহকারি কমিশনার (ভূমি) মো. সরওয়ার উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক তপন মল্লিক সরেজমিনে জায়গা পরিদর্শনে যান। এসময় শশ্মান পরিচালনা কমিটির সভাপতি সদীপ শর্মা ও সাধারণ সম্পাদক প্রদীপ শর্মা, পরিচালনা কমিটির সদস্য সাবেক এমইউপি সুবাশ শর্মা, ডাঃ বি কে শর্মা, মাস্টার অনিল শর্মা, সেন্টু শর্মা, শুবল শর্মাসহ বিপুল সংখ্যক সনাতনী সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। পরে সকলের উপস্থিতিতে শশ্মানের সীমানা নিয়ে চলে আসা দীর্ঘদিনের বিরোধ সন্তোষজনক সমাধান করে দেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা ও রামু সহকারি কমিশনার (ভূমি) মো. সরওয়ার উদ্দিন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন শশ্মান পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ সনাতনী সম্প্রদায়ের মানুষ।
ভয়েস/আআ