বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
জনপ্রিয় সংগীত ও অভিনয় তারকা তাহসান রহমান খান। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন। পাশাপাশি বিভিন্ন উৎসবে তাহসানের নাটক-টেলিছবি মানেই ভিন্ন কিছু। গেলো ভালোবাসা দিবসেও তার প্রমাণ মিলেছে। এ তারকার বেশিরভাগ নাটকই ছিলো দর্শকপ্রিয়তায়। নতুন খবর হলো এবারই প্রথমবার তাহসান লেখক হিসেবে আত্মপ্রকাশ করছেন। এবারের বইমেলায় প্রকাশ হচ্ছে তার প্রথম বই ‘অনুভূতির অভিধান’। তা¤্রলিপি প্রকাশনী থেকে বইটি আসবে।
বইয়ের নাম ‘অনুভূতির অভিধান’ কেন? উত্তরে তাহসান বলেন, নিজের অনুভূতিগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। সে কারণেই বইয়ের নাম ‘অনুভূতির অভিধান’। একটু বিস্তারিত জানতে চাই। এ তারকা বলেন, গান আর কবিতা লেখার চর্চা আমার পুরনো, আর তাই নিজেকে একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ করার প্রয়াস মস্তিষ্কের কোন এক প্রকোষ্ঠে সুপ্ত অবস্থায় ছিল। তবে লেখার তাগিদটা ২০২০ সালের মহামারীতে বেগ পেল। যখন প্রায় প্রতিটা মানুষই অন্তর্মুখী। সেই অন্তরযাত্রারই ফসল এই ‘অনুভূতির অভিধান’’। এই অভিধানে স্থান পেয়েছে জীবনের কিছু গল্পের ছায়ায় ২০ টি অনুভূতির একান্ত নিজস্ব ভাবার্থ। গানের কি অবস্থা? তাহসান খান বলেন, একটি গান করেছি। শিরোনাম ‘সেই তুমি কে’। গানটির কথা ও সুর আমার। দ্রুতই এর ভিডিওর কাজ হবে। গানটি সামনে প্রকাশ হবে। স্টেজ শো কি করা হচ্ছে? তাহসান বলেন, টুকটাক করে শো শুরু করেছিলাম।
গত মাসেও একটি শো করেছি। তবে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন শো তেমন একটা করবো না। অভিনয় কেমন চলছে? উত্তরে এ তারকা বলেন, অভিনয়ে সময় দিতে পারছি না। কারণ ফটোশুট, টিভিসিসহ বিভিন্ন ব্যস্ততা যাচ্ছে প্রচুর। ভালোবাসা দিবসে যে নাটকগুলোতে কাজ করেছি বেশ ভালো সাড়া মিলেছে। ঈদে হয়তো কিছু কাজ করবো। তবে কাজ অবশ্যই আলাদা হতে হবে। কারণ দর্শকরা গতানুগতিক কাজ দেখতে পছন্দ করেন না। আমি নিজেও গতানুগতিক কাজে স্বাচ্ছ্বন্দ্যবোধ করি না।
ভয়েস/জেইউ।