শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ভয়েস বিনোদন ডেস্ক :
প্রায় এক মাস পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে রয়েছেন ঢালিউডের গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া। তাই ঢাকার মতো একেবারে বন্দিদশায় কাটছে না তার কোয়ারেন্টাইন। ফারিয়া বললেন, ‘ভীষণ উপভোগ্য সময় কাটছে।’ কথায় আছে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ফারিয়ার ক্ষেত্রেও হয়েছে তাই। গ্রামের বাড়িতে গেলেও একটু ভোলেননি তার শরীরচর্চা। নিয়মিত ব্যায়ামের ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে জুড়ে দিচ্ছেন ভক্তদের উদ্দেশে সচেতনতামূলক বার্তা। শুধু তাই নয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে তৈরি তারকাবহুল ভিডিওতেও ফারিয়া তার উপস্থিতি বজায় রেখেছেন। গ্রামে বসেই আরটিভির ভিডিও আড্ডায় অংশ নিয়ে কথা বলেছেন করোনাকালে কী করছেন, কী করোণীয় এসব বিষয়ে।
ফারিয়া বলেন, ‘গোটা বিশ্ব যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা নিয়ে আমিও চিন্তিত। নিজের দেশকে নিয়েও বেশি উদ্বিগ্ন। তবে সবাই যদি আমারা একটু সতর্ক হই, বাড়িতে থাকি এই ক’টা দিন, তাহলে পরিস্থিতি সহজেই সামাল দেওয়া সম্ভব হবে।’ তিনি আরও বলেন, ‘এতদিন ঘরে থাকা কারোরই ভালো লাগে না। কিন্তু ঘরে থাকাটা যেহেতু জীবনের জন্য জরুরি, তাই প্রত্যেকের উচিত ঘরে বসেই সময়টুকুকে কাজে লাগানো। এমন কিছু খুঁজে বের করা যা করলে আপনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ ও সতেজ থাকবেন। আমি যেমন দেশ-বিদেশের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের খোঁজ রাখছি যা ব্যস্ত সময়ে নিয়মিত সম্ভব হয় না। পরিবারের সবার সঙ্গে কোয়ালিটি টাইম পার করছি। নিয়মিত ব্যায়াম করছি, রোজার আগে নাচের প্রাকটিস করেছি, গানের চর্চা করেছি, কবিতা আবৃত্তি করেছি। অনেক সিনেমা ও সিরিজ দেখেছি অভিনয় শেখার জন্য। সবচেয়ে ভালো সময় কেটেছে পারিবারিক সবজির বাগানে। তাজা সবজি দেখলেই মন জুড়িয়ে যায়। প্রতিদিন নিয়ম করে সবজিগুলো পরিচর্যা করেছি। নিজেদের ফলানো সবজির যে স্বাদ তা ভোলার নয়।’
হোম কোয়ারেন্টাইনে যাওয়ার আগে নুসরাত ফারিয়া দীপঙ্কর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শ্যুটিং করেছেন। চলতি বছর ভারত-বাংলাদেশ মিলিয়ে তার অভিনীত চারটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। পাশাপাশি নতুন সিনেমার চরিত্রের প্রয়োজনে কঠোর পরিশ্রম করারও কথা ছিল। কিন্তু, সব থমকে গেছে। ফারিয়া বলেন, ‘এ বছর আমার অভিনীত ‘শাহেনশাহ্’ মুক্তি পেয়েছে। রোজার ঈদে ‘অপারেশন সুন্দরবন’ আসার কথা, কোরবানির ঈদেও একটা সিনেমা মুক্তির সম্ভাবনা আছে, এখনই নাম বলতে চাই না। কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কিছু বলেননি। এছাড়া ১১ মার্চ জি ফাইভের সিনেমা ‘যদি কিন্তু তবুও’ এর শ্যুটিং শুরুর কথা ছিল। রোজার মধ্যেই রিলিজের পরিকল্পনাও ছিল। কিন্তু, তার আগেই সব কিছু লকডাউন হয়ে যায়। এছাড়া পহেলা বৈশাখে রাজা চন্দের পরিচালনায় কলকাতার ‘ভয়’ সিনেমাটিও মুক্তির কথা ছিল। সিনেমার পাশাপাশি একটি মিউজিক ভিডিও প্রকাশের কথা ছিল। আপাতত সব বন্ধ এখন। একটি সুন্দর পৃথিবীর অপেক্ষায় আছি।’ সূত্র :দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।