বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক :
নভেল করোনাভাইরাস-মুক্ত এলাকার মসজিদ আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। অন্যদিকে মৃত্যুর সংখ্যা কিছুটা কমায় ৪ মে থেকে লকডাউনের বিধিনিষেধ শিথিল হচ্ছে ইতালিতে।
রাষ্ট্রীয় ওয়েবসাইটে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলকে সাদা, হলুদ এবং লাল রংয়ের ভিত্তিতে চিহ্নিত করা হবে। শুধু সাদা অঞ্চলের মসজিদ আবার খুলবে।
কভিড-১৯ রোগে ইরানে এখন পর্যন্ত ৫ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৯০ হাজার ৪৮১।
ইউরোপের সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়া ইতালির মানুষ আগামী ৪ মে থেকে নিজ এলাকার আত্মীয়-স্বজনদের বাড়িতে যাওয়ার অনুমতি পাচ্ছেন। তবে অন্য এলাকায় যেতে পারবেন না।
মৃতদের সৎকার শুরু হলেও একসঙ্গে ১৫ জনের বেশি জড়ো হতে পারবেন না। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২৬ হাজার ৬৪৪ জন মারা গেছেন । আক্রান্ত প্রায় দুই লাখ।
বিবিসি জানিয়েছে, রবিবার ইতালিতে নতুন করে ২৬০ জনের মৃত্যু হয়েছে। ১৪ মার্চের পর ২৪ ঘণ্টায় এটিই সেখানে সবচেয়ে কম মৃত্যু। মহামারীর শুরু থেকে খেলাধুলা বন্ধ থাকা ইতালিতে ব্যক্তিগতভাবে অনুশীলনের সুযোগ পাচ্ছেন ক্রীড়াবিদরা। বাড়ির পাশাপাশি মাঠেও তারা এখন যেতে পারবেন।
আল-জাজিরা জানিয়েছে, ইতালির মতো স্পেন, নিউজিল্যান্ডও লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। স্পেনে এখন পর্যন্ত মারা গেছেন ২৩ হাজার ১৯০ জন। মোট আক্রান্ত ২ লাখ ২৬ হাজার ৬২৯।
নতুন এই রোগে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ২৯ লাখ ৭১ হাজার ৯০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৫১৪ জন। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/ জেইউ