EDITOR
- ৭ জুলাই, ২০২২ /

আমিনুল হক, মহেশখালী:
জমে উঠেছে মহেশখালীতে কোরবানির পশুর হাট। মহেশখালীর পৌরসভা, বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, মাতারবাড়ী ও শাপলাপুর ইউনিয়নের ১৫ টি স্থানে কোরবানির পশুর হাট বসেছে। বিশেষ করে প্রধান প্রধান পশুর হাট বসেছে মহেশখালী পৌরসভার জেটি সংলগ্ন প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম, বড় মহেশখালীর নতুন বাজার মাঠ ও চশমা বাজার, হোয়ানকের টাইম বাজার স্কুল মাঠ, কালারমারছড়া বাজার মাঠ ও ইউনুছখালী হাই স্কুল মাঠ, মাতারবাড়ী হাই স্কুল মাঠ ও শাপলাপুর হাই স্কুল মাঠে।
সরজমিন দেখা যায় যে, ব্যবসায়ীরা ক্রেতাদের আকর্ষণ বাড়াতে বড় বড় গরুর নাম দিয়েছেন পদ্মা সেতু, কালো মানিক, লাল মানিক, সিংহ, মুন্না, বাংলাদেশ, টাইগার সহ অসংখ্য নাম। মহেশখালী পৌরসভার হাটে ১৫ লক্ষ টাকা পর্যন্ত একটি গরুর দাম হাঁকা হয়েছে। পার্শ্ববর্তী কক্সবাজার, খুরুস্কুল, চৌফলদন্ডি, ঈদগাহ, বদরখালী ও চকরিয়া থেকে অনেক ক্রেতা কোরবানির পশু কিনতে মহেশখালীর বিভিন্ন হাটে ভীড় করছেন বলে জানা গেছে।
ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মহেশখালীর সবক’টি পশুর হাটে বড় বড় গরু, মহিষ, গয়াল ও ছাগল নিয়ে এসেছেন। তবে গত বারের চেয়ে এবারে পশুর দাম অনেকটা চড়া বলে জানিয়েছেন ক্রেতারা। এদিকে আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ৭ জুলাই থেকে শুরু হয়েছে পশু বেচা-কেনার হাট। কোরবানির পশুর হাট জমে উঠলেও উল্লেখ করার মতো পশু ৭ জুলাই তেমন বিক্রি হয়নি বলে জানান বিক্রেতারা। তবে ক্রেতারা দর দাম মূল্যায়ন করে যাচ্ছেন বলে জানা গেছে। ব্যবসায়ী ও ক্রেতারা জানান, ৮ ও ৯ জুলাই ভালো বেচা-কেনা হতে পারে।
এদিকে পশুর হাটে শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন মহেশখালী উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও স্ব স্ব বাজার কমিটি। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন জানিয়েছেন যে, কোরবানির পশুর হাটে ব্যবসায়ী এবং ক্রেতাদের নিরাপত্তা দিতে দায়িত্বে আছেন পুলিশ ও আনসার বাহিনী। সাদা পোশাকেও আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছেন। এছাড়াও সড়ক ও নৌপথে নিয়মিত পুলিশ টহল থাকবে। কোরবানির পশুর হাটে আইন-শৃঙ্খলা বজায় রাখতে তিনি ব্যবসায়ী সহ সকলের প্রতি আহ্বান জানান।
ভয়েস/আআ