শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ভয়েস বিনোদন ডেস্ক:
গতকাল বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে নতুন নাচ প্রকাশ করেছেন গ্ল্যামারাস নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হৃদি শেখ। হোম কোয়ারেন্টাইনে থেকেও কাজ করছেন তিনি। সেসব নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
নৃত্য দিবসে ‘এসো সবাই’…
শুধু নৃত্যশিল্পীদের এজন্য একটি দিন সারা বিশ্বে সেলিব্রেট করা হয়। তাই দিনটি আমার কাছে স্পেশাল। প্রতিবার এই দিনে অনেক কাজ করলেও এবার তা সম্ভব হয়নি। তাই ঘরে বসে যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি। করোনা সচেতনতার জন্য গানচিল মিউজিক ‘এসো সবাই’ নামের একটি গান করেছিল। তাতে দেশের বিভিন্ন অঙ্গনের দেড়শ শিল্পী অংশ নিয়েছিলেন। আমি সেই গানটির সঙ্গেই নেচেছি। আমার সঙ্গে আরও অংশ নিয়েছেন ইভানা, অর্ণব, ইভান, রাসেল, ইচ্ছা, শোভা, আলিফ, সানি ও এক্সপ্রেস ক্রু। তারা সবাই বিভিন্ন আঙ্গিকের নাচ করেন। ঈগলস ড্যান্স কোম্পানির সুমনের প্রতি কৃতজ্ঞতা। তিনি ভিডিও এডিটিংয়ে যে কষ্ট করেছেন, তা বলার বাইরে। কাজটি যারা দেখেছেন প্রশংসা করেছেন। আশা করছি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। কারণ এটা শুধু নৃত্য দিবসের উপহার নয়, করোনার এই দুর্যোগপূর্ণ সময়ে মানুষকে সাহস জোগানোর জন্য করেছি।
‘কোয়ারেন্টাইন অ্যান্ড চিল’ শো…
নাচ নিয়ে তো কাজ করছিই। কিছুদিন আগে বড়লোকের বেটি গানের কভার করেছিলাম। হোম কোয়ারেন্টাইনে থেকে নাচের বাইরেও নতুন আইডিয়া নিয়ে কাজ করছি। এই যেমন, সম্প্রতি পাঁচ পর্বের একটি আড্ডার শো করেছি বঙ্গবিডির জন্য। এখানে চারটি অঙ্গনের চারজন তরুণ অনলাইন উদ্যোক্তা হোম কোয়ারেন্টাইনের প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেছেন। আমি ছাড়াও ছিলেন সৌভিক আহমেদ, ম্যাজিক রাজিক ও ঊর্মি রহমান মিষ্টি। সেই শো তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
বন্ধ হওয়া কাজগুলো…
আমি তো অভিনয় খুব কম করি। তারপরও ইচ্ছা ছিল ঈদের মতো বড় উৎসবে দু-একটি নাটক করার। কিন্তু সেটা তো হলো না। শুধু অভিনয় নয়, ঈদে টেলিভিশন নাচের অনুষ্ঠানগুলোও করা হলো না। এর বাইরে কয়েকটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছি। সেগুলোর প্রচার পিছিয়ে গেছে। নারী দিবস উপলক্ষে লাক্সের নতুন বিজ্ঞাপনে কাজ করেছি, সেটা অনেকেই দেখেছেন। এখানে বিভিন্ন অঙ্গনের সফল কয়েকজন নারীর গল্প তুলে ধরা হয়। আমি নৃত্যশিল্পকে প্রতিনিধিত্ব করেছি। শুধু বিজ্ঞাপন নয়, লাক্সের এই ক্যাম্পেইনে আরও অনেক কাজ ছিল, সেগুলো সব থমকে গেছে। বলতে পারেন, তাদের সঙ্গে আমার চুক্তির অর্ধেক কাজ এখনো বাকি। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।