শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
পুরোনো ছবি ভয়েস বিনোদন ডেস্ক:
ঈদের ছুটির পর ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠছে শ্যুটিং পাড়া। সিনেমার শ্যুটিং সীমিত আকারে শুরু হলেও নাটকের কাজ এরই মধ্যে জমে উঠেছে। তবে ঈদের পর খন্ড নাটকের কাজ সেভাবে হচ্ছে না। টেলিভিশনে প্রচার চলতি ধারাবাহিকগুলোর ফুটেজ প্রায় ফুরিয়ে আসায় সেগুলোর কাজ আগেভাগে শুরু করেছেন নির্মাতারা। সংশ্লিষ্ট তারকারাও স্বল্প পরিসরে ঈদের ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন। তবে তারকাদের অনেকেই এখনো ফেরেননি কাজে। অনেকেই ধারাবাহিক নাটকে কাজ করেন না। খন্ড নাটকের কাজ শুরু হলে ধীরে ধীরে কাজে নামবেন বলে জানালেন মেহবাজিন, অপূর্ব, নিশো, তানজিন তিশা, সাবিলা নূর, সাফা কবির, জোভান।
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বাসার বাইরে মাস্ক পরতে হচ্ছে সবাইকে। কিন্তু অভিনেত্রী ভাবনা বাসাতেও মাস্ক পরে থেকেছেন। সবসময় এই মাস্ক পরে থাকার কারণে মারাত্মক ক্ষতি হয়েছে তার। মুখে মাস্কের দাগ পড়ে গিয়েছে। মুখে মাস্কের দাগের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে ভাবনা বলেন, অনিমেষ আইচের পরিচালনায় ‘মুখ আসমান’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। গতকাল শ্যুটিং শেষ করেছি। এতে আমাকে নীতু চরিত্রে দেখা যাবে। সেই চরিত্রের প্রয়োজনেরই সারাক্ষণ মাস্ক পরে থাকতে হয়েছে। আর এতে করেই নীতুর মুখে মাস্কের দাগ পড়ে যায়।’ ব্যতিক্রমী গল্পের কাজের জন্য আলাদা সুনাম পরিচালক অনিমেষ আইচ ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। প্রতিটি কাজের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেন। ভাবনা জানান, ‘নীতু চরিত্রটির জন্য রোজার ঈদের আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন তিনি। নীতু কী খায়, কীভাবে ঘুমায়, তার চলাফেরা কেমন, কেমন পোশাক পরে, চালচলন, কথাবার্তায় আমার ওপর ভর করেছে নীতু। নিজের জীবনকে তুচ্ছ করে নীতু দিন-রাত কাজ করেছে, তাকে কেন্দ্র করেই এ গল্প। আমরা আসলে সুন্দর করে গল্পটি উপস্থাপন করতে চেয়েছি। কিছু দিনের মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অনলাইনে মুক্তি পাবে।’
শ্যুটিং শুরু হওয়া নাটকের মধ্যে আরও রয়েছে এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। চার মাস আগে প্রচার বন্ধ হয়ে যায় ধারাবাহিকটির। গত মঙ্গলবার থেকে ফের প্রচার শুরু হয়েছে নাটকটির। তাই নতুন পর্বের সংকট শুরুর আগেই গত সপ্তাহে শ্যুটিং শুরু করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, শর্মিলী আহমেদ, রুনা খান, রোজী সিদ্দিকী, মুনিরা ইউসুফ মেমী, মনিরা মিঠু, সোহেল খান, শবনম ফারিয়া, শামীম হাসান সরকার, মুকিত জাকারিয়া, সারিকা সাবা, শিশুশিল্পী রাইসাসহ অনেকে। একটি যৌথ পরিবারের গল্প এটি। মধ্যবিত্ত এ পরিবারে আছেন গৃহকর্তা, তার স্ত্রী, তাদের একমাত্র সন্তান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ভাই, এক বোন আর তাদের মা। এই পরিবারেও একটা ফুরোতেই আরেকটার প্রয়োজন শুরু হয়। তারা যেমন সুখে হাসে, তেমনি বাসা বাঁধে দুঃখও। নির্মাতা রাজ বলেন, ‘নাটকটির জন্য যে সাড়া পাচ্ছি তা আমাকে ঝুঁকি নিতে বাধ্য করেছে। তাই করোনার ভয় না করে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছি আমরা। চেষ্টা করছি অযথা লোকসমাগম যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে। মাস্ক ছাড়া একটি লোককেও শ্যুটিং সেটে ঢুকতে দিচ্ছি না। তারকাদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে।’
গত ৬ আগস্ট থেকে পুবাইলে টানা শ্যুটিং চলছে নতুন ধারাবাহিক নাটক ‘চাঁদের হাট’-এর। আর ১১ আগস্ট থেকে উত্তরাসহ ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে আরেকটি নতুন ধারাবাহিক নাটক ‘পরাধীন’। দুটি ধারাবাহিক নাটক রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। ‘চাঁদের হাট’ পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল। অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, রুনা খান, সাজু খাদেম, ডা. এজাজ, নাবিলা, নাজিরা মৌ, রিমি করিম, মুকুল সিরাজ, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে। আর ‘পরাধীন’ পরিচালনা করেছেন শামীমা আক্তার বেবি। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, উর্মিলা, সোহান খান, নাঈম, অর্ষা, আরফানসহ আরও অনেকে। নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘দুটি ধারাবাহিক নাটক ভিন্ন স্বাদের। চাদের হাট গ্রামের গল্প। মূলত দুই বন্ধুর দ্বন্দ্ব নিয়ে বিভিন্ন মজার ও জীবনঘনিষ্ঠ ঘটনা দেখা যাবে। তাদের সঙ্গে যোগ হবে কিছু অদ্ভুত চরিত্র। অন্যদিকে পরাধীন নাটকটি শহরের প্রেক্ষাপটে। আমরা দিনে দিনে আধুনিক হয়ে উঠলেও আমাদের মধ্যে রয়ে গেছে কিছু কু-প্রথা, শ্রেণিবৈষম্য। সেই বিষয়গুলো একটা মেয়ের পরাধীন চোখ থেকে দর্শক দেখতে পাবে। দুটি ধারাবাহিক নাটকই শিগগিরই দুটো স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছে।’
পুবাইলে শ্যুটিং শেষ হয়েছে একক নাটক ‘ভাড়া বাড়ীর বাড়াবাড়ি’র। মিজানুর রহমানের রচনায় নাটকটি পরিচালনায় করেছেন এস আই সোহেল ও সজল সিনহা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, এলেন শুভ্র, নাবিলা ইসলাম ও চিত্রনায়িকা মৌমিতা মৌ। নির্মাতা সোহেল বলেন, ‘ভাড়া বাড়ীর বাড়াবাড়ি’ নাটকটি হাস্যরসে ভরপুর। একটি পরিবারে ভাইয়ের জন্য বোনদের ছেলেদের সঙ্গে কথা বলাও নিষেধ। আধুনিক যুগের বোন হয়েও তাদের হাতে মোবাইল নেই। রীতিমতো সবাই ভাইয়ের আচরণে বিরক্ত। করোনার এ সময়ে আমরা স্বাস্থ্যবিধি মেনেই শ্যুটিং করেছি। খুব শিগগিরই মাছরাঙা টিভিতে নাটকটি প্রচার হবে।’
গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘কমরদ্দির সম্বল’ প্রচার হয়েছে বাংলা ভিশনে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। এ নাটকের মাধ্যমেই ঈদের পর ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। তারিক আনাম বলেন, ‘ইচ্ছে ঈদের ছুটির বেশ কিছুদিন পর কাজে ফেরার। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে দারুণ এই নাটকটি না করে পারলাম না। এখন আরও কয়েকটি নাটকের প্রস্তাব আছে। একে একে সেগুলোর শ্যুটিং করব।’
ঈদের পর টানা এক সপ্তাহ মানিকগঞ্জে শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। ‘আগুন পাখি’ ধারাবাহিকের কাজ করেছেন তিনি। শ্যুটিং ইউনিটে অন্তত ৩৫ জনেরও বেশি একসঙ্গে কাজ করেছেন। ইউনিট বড় হলেও স্বাস্থ্যবিধি মেনে কাজ শেষ হয়েছে। ১৩ আগস্ট ঢাকায় ফেরেন এ অভিনেত্রী। শ্যুটিং থেকে ফিরেই স্ব উদ্যোগে কোয়ারেন্টাইনে চলে যান মৌটুসী। তিনি বলেন, ৭ আগস্ট থেকে শ্যুটিং শুরু হয় মানিকগঞ্জে। প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে হয়েছে। খুবই অস্থিরতায় কেটেছে। গত বৃহস্পতিবার ঢাকায় ফিরেছি। এসেই কোয়ারেন্টাইনে। নিজের রুমের বাইরে বের হচ্ছি না। খাবারও খাচ্ছি রুমের মধ্যেই। কারণ এত লম্বা জার্নি ছিল যা একটু ঝুঁকিরই বটে। বলা তো যায় না কখন কী হয়ে যায়।’ এই অভিনেত্রী জানান, ধারাবাহিকটি নির্মাণ হচ্ছে হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে। তিনি বলেন, এটা পিরিয়ড ড্রামা। ব্রিটিশ আমলের গল্প। হাসান আজিজুল হকের মায়ের জীবনী এটা। মায়ের চরিত্র আমি করছি।
গত ১২ আগস্ট পুবাইলে শ্যুটিং শুরু হয়েছে বিভূতিভূষণের ‘আহ্বান’ গল্প অবলম্বনে নাটকের। মুসলিম দরিদ্র বুড়ি হিন্দু যুবককে সন্তানের আসন দিয়েছে। বুড়ি এখানে হয়ে উঠেছেন চিরায়ত মা। গল্পের শেষে বুড়ির দাফনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক চেতনার কবর রচিত হয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সাম্প্রদায়িক সংকীর্ণ চিন্তার মূলে কুঠারাঘাত করার জন্য এ ধরনের গল্পের মূল্য অনন্য। গল্পটির নাট্যরূপ এবং পরিচালনা করেছেন ড. মো. হারুনুর রশীদ। নাটকটির মূল চরিত্র বুড়ি মার ভূমিকায় অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।