বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক :
ওসমান মেম্বার। বর্তমানে ইয়াবা ওসমান। মেম্বারির মুখোশে গত ৫ মে দেড় লক্ষ পিস ( ৩০০ টাকা দরে, যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা ) ইয়াবার চালান পুলিশের কাছে ধরা পড়ে ত্রাণের আড়ালে পাচার করতে গিয়ে। সেই থেকে বিতর্কিত এই ইয়াবার ডিলার ওসমানকে ধরতে পারেনি পুলিশ এবং তার নিজ দল বিএনপি।
ছোট মহেশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মেম্বার কক্সবাজার ভয়েসকে বলেন, ওসমান ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। তার গোপন এই ব্যবসা সম্পর্কে আমরাতো জানিনা। এমনকি কেউনা। তবে বিএনপি কাউকে খারাপ কাজের জড়িত থাকলে বা প্রমাণ হলে এমন দায়িত্ব কাউকে দেননা। এমনকি দল এমন ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয়ও দেয়না।
জানতে চাইলে, ওসমানের বিষয়ে এখনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। লকডাউন এবং রোযা নিয়ে সবাই ব্যস্ত। খুব শীঘ্রই ওসমানের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ওসমানের ইয়াবা সংশ্লিষ্টতার দায়ভার ছোট মহেশখালী বিএনপি বহন করবেনা। এদায় ওসমানের।
মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ শফি কক্সবাজার ভয়েসকে বলেন, শুনেছি ছোট মহেশখালী ইউনিয়নের লম্বা ঘোনা বাজারে দেড় লক্ষ পিস ইয়াবা আটকে ওসমানের সংশ্লিষ্টতা। আগেতো কোনো সময় এমন বিতর্কিত কর্ম কান্ডের খবর ছিলনা। যে কারণে ছোট মহেশখালী ইউনিয়নের ওয়ার্ডের দায়িত্ব পেয়েছিল। ইউনিয়ন বিএনপি এখনো সাংগঠনিক রিপোর্ট দেয়নি তাই এখনো দলীয় সিদ্ধান্ত হয়নি ওসমানের বিষয়ে।প্রমাণ সাপেক্ষে তার বিষয়ে দল বিধি মোতাবেক সিদ্ধান্ত নিবেন তাতে কোনো সন্দেহ নেই। তিনি আরো বলেন, ওসমান উপজেলা বিএনপির কোনো সদস্য নয়।
সূত্র জানায়, আগে থেকেই বিতর্কিত এই ইয়াবা ওসমান বিএনপির ছায়ায় আশ্রয় নেয়ার কারণ ছোট মহেশখালী হচ্ছে বিএনপির উর্বর ভূমি। সাধারণ মানুষের এই আবেগ কাজে লাগিয়ে ধূর্ত ওসমান জনপ্রতিনিধির তকমা হাতিয়ে নেয় পরপর দুইবার। ছোট মহেশখালী ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির সহ সভাপতির দায়িত্বে আছেন এমন একজন নাম না বলার শর্তে বলেন, এরকম একজন ব্যক্তির দায় বহন না করে যত তাড়াতাড়ি সম্ভব দল থেকে বিদায় না করলে দলের আরো বদনাম হবে। তাই তার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হউক দাবী তার।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরীকে অনেকবার আজ ফোন দেয়া হয়। তিনি ফোন ধরেননি। যার কারণে তার বক্তব্য জানা যায়নি।
উল্লেখ্য, গত ৬ মে দেড় লাখ ইয়াবার চালানের ঘটনায় আট জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
ভয়েস/জেইউ।