বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক :
একদিকে জীবন আরেক দিকে মরণ অবস্থা মহেশখালীর মানুষের । সুনির্দ্দিষ্ট তথ্যের ভিত্তিতে পান বাজার বন্ধ ছিল কিছু দিন। কিন্তু উপজেলা প্রশাসনের বৈঠকে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পাঁচ হাত দূরত্ব (স্বাস্থ্যবিধি) বজায় রেখে আগের মতেই বাজার বসার অনুমতি দিয়েছে। এই পান বাজার বসা নিয়ে আশা ও আশংকা দুটোই বিরাজ করছে সচেতন মানুষের মাঝে। সংক্রমণ ছড়ানোর বিষয়ে বহিরাগতদের ভূমিকাই বেশী বলে ধারণা সকলের।
কিন্তু পান চাষী ও পান ব্যবসায়ীদের পরিবারের জীবিকার প্রতি চিন্তা করে বিশেষ ব্যবস্থায় পুনরায় পান বাজার চালু করা সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন।
বৈঠকে স্বাস্থ্য বিধি ও জননিরাপত্তা বজায় রেখে কিভাবে পান বাজার চালু করা যায় বিষয়ে মতামত প্রদানের পর সকলের সিদ্ধান্ত ক্রমে পান বাজার চালু করা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, বাজারের ইজারাদার এবং পান ব্যবসায়ী ,সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহফুজুল হক, থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, প্রেসক্লাব সভাপতি মাহবুর রোকন এবং প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম।
উপজেলার সিদ্ধান্তক্রমে, আগের মতোই সকল পান বাজার চালু থাকবে। স্থান সংকুলান না হলে বিকল্প বড় জায়গায় বসাতে হবে। ক্রেতা এবং বিক্রেতার মাঝে পাঁচ হাত দূরত্ব নির্দেশক চিহ্ন থাকবে। শৃংখলা বিষয়ে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। আইন অমান্যকারীকে সাথে সাথে শাস্তির আওতায় আনা হবে।
ব্যবসায়িক অংশীদার এবং আড়তদারদের সাথে ফোনে যোগাযোগের মাধ্যমে পান বিক্রি করতে হবে। উপজেলার বিভিন্ন এলাকার ২০টি ট্রাক দিয়ে পানগুলো পরিবহণ করা হবে। তবে কোনো ব্যবসায়ী পানের সাথে যেতে পারবে না। পান পরিবহনে জড়িত ট্রাকের চালক ও হেল্পারদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টানে রাখা হবে। চেয়ারম্যানগণ প্রতিটি ইউনিয়নের প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টান তত্বাবধান করবেন।
ভয়েস/জেইউ।