EDITOR
- ১ মে, ২০২০ /

ভয়েস প্রতিবেদক :
“পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী স্থানীয় চেয়ারম্যান হিসেবে করোনা ভাইরাস মহামারীতে সরকারি ত্রাণের চাল আত্মসাতের অপরাধে অভিযুক্ত হওয়ায় চরমভাবে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
এই বাস্তবতায় গঠনতন্ত্র অনুযায়ী দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে তাকে সাময়িক অব্যাহতি প্রদানের তড়িৎ সিদ্ধান্ত নেয় জেলা আওয়ামী লীগ।
সেই সিদ্ধান্তের আলোকে দলের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ৩০ এপ্রিল সংবাদপত্রে যে প্রেস বিজ্ঞপ্তিটি প্রেরণ করেছেন সেটি সময় উপযোগী এবং দলের হাই কমান্ড তথা আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়ে দেয়া দুর্নীতি বিরোধী নির্দেশনার প্রতিফলন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় বহিস্কৃত জাহেদের পক্ষে অবস্থান নিয়ে এটিকে কেউ কেউ ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, যা খুবই দুঃখজনক। এতে কেউ বিভ্রান্ত হবেন না।”
শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তাফা এ কথা বলেন। দলীয় সভায় বহিষ্কার আদেশটি চুড়ান্ত হয়।
উল্লেখ্য, একই অপরাধে ২৯ এপ্রিল ২০২০ইং তারিখে ’স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখা এর উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাহেদুল ইসলাম চৌধুরীকে টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব থেকেও সাময়িক বরখাস্ত করা হয়।
ভয়েস/জেইউ।