বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন বয়সী ১৪ মিয়ানমারের নাগরিক (পুরুষ) স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের অধীন কুরুকপাতা চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।
আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাদের পরনে ছিল বেসামরিক পোশাক। জিজ্ঞাসাবাদ শেষে কুরুকপাতা চেকপোস্ট থেকে তাদের আলীকদম ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়।
বিজিবি আরও জানায়, অবৈধ অনুপ্রবেশ আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুসরণ না করে সীমান্ত অতিক্রম ও বাংলাদেশে প্রবেশের দায়ে ওই ১৪ মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলীকদম থানার ওসি আলমগীর হোসেন শাহা বলেন, ১৯ আগস্ট মিয়ানমারের নাগরিকদের আটক করে বিজিবি। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ভয়েস/আআ