মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
সপ্তম দফায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ৩৭৯ জন রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় চট্টগ্রামের বোট ক্লাব থেকে নৌবাহিনীর একটি জাহাজে করে তাদের ভাসানচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, বৃহস্পতিবার আরও ৩৭৯ রোহিঙ্গা শরনার্থীকে ভাসানচরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৩২ জন পুরুষ, ৯৮ জন মহিলা ও ১৪৯ জন শিশু রয়েছে।
জাতিসংঘ যুক্ত হওয়ার পর এটাই ভাসানচরে প্রথম দফায় রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম। এ নিয়ে এখন পর্যন্ত সাত দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ১৮ হাজার ৮৭৯ রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হয়। এর আগে ছয় দফায় ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী প্রত্যাবাসন কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে বুধবার সকালে বাসে রোহিঙ্গাদের সড়কপথে চট্টগ্রাম নিয়ে আসা হয়। সেখান থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে জাহাজে করে রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয়শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে।
ভয়েস/আআ