মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

ভয়েস নিউজ ডেস্ক:
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতির বিষয়ে উদ্বেগ জানিয়ে এর প্রতিবাদ জানিয়েছে ঢাকা। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মোয়ের কাছে এই বক্তব্যে ঢাকার উদ্বেগের কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমান।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৫ আগস্ট রোহিঙ্গা ইস্যুতে একটি প্রেস বিবৃতি জারি করে। ওই বিবৃতির কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, এতে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যাসহ অনেক তথ্য ভুল পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। জাতিসংঘ ব্যবস্থার অধীনে নিবন্ধিত তথ্য তাদের সঠিক সংখ্যা প্রতিফলিত করে বলেও উল্লেখ করেন তিনি।

মহাপরিচালক রাষ্ট্রদূতকে ক্যাম্পগুলোতে জন্মগ্রহণকারী শিশু এবং ২০১৭ সালের পর রাখাইন থেকে পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদের বিবেচনায় নিয়ে সম্মত দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করার অনুরোধ জানান।

বাংলাদেশে রোহিঙ্গাদের নিবন্ধনের প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের পর রোহিঙ্গাদের তথ্য যথাসময়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করা হবে। যাচাই প্রক্রিয়ায় এসব তথ্য যথাযথভাবে প্রতিফলিত করার জন্যও অনুরোধ জানান তিনি।

এ ছাড়া রোহিঙ্গারা ‘বাঙালি’ নয় বলেও উল্লেখ করেন মহাপরিচালক। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজস্ব জাতিগত পরিচয় মিয়ানমার কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত।

রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণ তার রাজধানীতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে যাচাইকৃত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে তার সরকারের প্রতিশ্রুতির কথা জানান।

মহাপরিচালক বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় রাখাইনে প্রত্যাবাসনের মাধ্যমেই এই সংকটের একমাত্র টেকসই সমাধান সম্ভব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION