বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দুই ‘প্রীতিলতা’ তিশা ও পরী

বিনোদন ডেস্ক:

হলিউডে অনেক আগে থেকেই বিখ্যাত মানুষের জীবনী নিয়ে সিনেমা নির্মাণের চল রয়েছে। এ ধরনের বেশ কিছু সিনেমা অস্কারও পেয়েছে। বলিউডে কয়েক বছর ধরে বায়োপিক নির্মাণের জোয়ার বইছে। কিন্তু আমাদের দেশে সেভাবে বায়োপিক নির্মিত হয়নি এত দিন। বিশেষ করে ঐতিহাসিক চরিত্রগুলো সিনেমার পর্দার ধরাছোঁয়ার বাইরেই ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে তাকে নিয়ে বেশ কয়েকটি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে কয়েকটি সিনেমার শ্যুটিং শুরু হয়েছে। আরও কয়েকজন ঐতিহাসিক ব্যক্তিকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা এসেছে সম্প্রতি। ডায়েল রহমান নির্মাণ করছেন তিতুমীরের বায়োপিক। নাম ভূমিকায় দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। সম্প্রতি আরেক চিত্রনায়ক বাপ্পী চৌধুরীও ঐতিহাসিক গল্পের সিনেমায় কাজ শুরু করেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে একই সময়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা এসেছে। চলচ্চিত্র দুটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও পরীমনি।

প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ থেকে সিনেমা বানানোর জন্য ২০১৯-২০ সালে সরকারি অনুদান পেয়েছে। এই সিনেমায় থাকছেন তিশা। এটি প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ। গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সিনেমাটি নিয়ে নির্মাতা প্রদীপ বলেন, ‘দেশের স্বাধীনতার জন্য চট্টগ্রামের বিপ্লবীদের যে বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অবদান রয়েছে, সেই ইতিহাসকে ধারণ করে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। আমরা শিগগিরই এর শ্যুটিং শুরু করব। পরিকল্পনা আছে, এ মাসেই কাজে নামার।’

চলচ্চিত্রটিতে তিশা ছাড়াও অভিনয় করবেন মনোজ প্রামাণিক, মান্নান হীরা, মৃন্ময়ী রূপকথাসহ অনেকে। সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার।

এদিকে পরীমনি অভিনীত ‘প্রীতিলতা’ সিনেমাটি পরিচালনা করবেন রাশিদ পলাশ। চার বছর আগে এটি নির্মাণের ঘোষণা দিলেও নানা কারণে তা আটকে ছিল। রাশিদ পলাশ বলেন, ‘পরীমনির সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। তিনিই বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রে অভিনয় করবেন। মাস্টারদা সূর্যসেনের চরিত্রে আহমেদ রুবেলের সঙ্গে কথা চলছে, তবে এখনো চূড়ান্ত করা হয়নি।’ এই সিনেমাটি প্রযোজনা করছে ইউফোরসি লিমিটেড। সিনেমাটির সঙ্গে যুক্ত আছে প্রীতিলতা ট্রাস্ট। এটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। চলচ্চিত্রটির কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন বিবি রাসেল।

পরীমনি ও নুসরাত ইমরোজ তিশা দুজনই দর্শকপ্রিয় অভিনেত্রী। আলাদাভাবে অনেক চ্যালেঞ্জিং চরিত্রে কাজের অভিজ্ঞতা আছে তাদের। তবে এবার একই চরিত্রে দুজনের অভিনয়ের বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। তিশা বলেন, ‘এখনো কাজ শুরু করিনি। কোনো কাজের ব্যাপারেই শেষ না করে আমি কথা বলতে চাই না। পুরো কাজ শেষ করলে অভিজ্ঞতা সবাইকে জানাতে পারব।’ তিনি আরও বলেন, ‘প্রীতিলতার মতো একজন মহীয়সী নারীর চরিত্রে অভিনয়ের সুযোগ যেকোনো শিল্পীর জন্যই বিরাট সৌভাগ্যের। আমি সেজন্য খুবই আপ্লুত। নাটকের ক্ষেত্রে একটি চরিত্র সম্পর্কে ভাবার সময়ও পর্যন্ত পাই না। কিন্তু সিনেমার ক্ষেত্রে সে সময়টা পাওয়া যায়। বিশেষ করে লকডাউনের মধ্যে ঘরে থাকার সুবাদে প্রীতিলতা চরিত্রটি নিয়ে প্রস্তুতির সময় পেয়েছি। আশা করছি সরকার যে প্রত্যাশা থেকে অনুদান দিয়েছে, সেই প্রত্যাশা পূরণ করতে পারব আমরা।’

পরীমনি বলেন, ‘সিনেমার ব্যাপারে আমি এখন খুবই সচেতন। এমন কিছু চরিত্র করতে চাই, যা দর্শকের মনে দাগ কাটবে। প্রীতিলতা চরিত্রের গভীরতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমরা যারা দেশকে ভালোবাসি, তারা প্রীতিলতাকেও ভালোবাসি। তিনি প্রজন্ম থেকে প্রজন্মের কাছে দেশপ্রেমের আইডল। তার ত্যাগ ও দেশের প্রতি যে অবদান, তা ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছি। চরিত্রটি ফুটিয়ে তোলা একই সঙ্গে চ্যালেঞ্জিং ও দায়িত্বপূর্ণ কাজ। তাই আমি চরিত্রটি নিয়ে গবেষণা করছি এখন। আগামী মাসের ১ তারিখ থেকে শ্যুটিং শুরুর কথা রয়েছে। শতভাগ মনোযোগী হয়েই কাজ করব, আশা করছি দর্শক পছন্দ করবে।’ সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION