বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা। দুই লেগেই তারা এক পর্যায়ে গিয়ে ১০ জন নিয়ে খেলা শেষ করেছে। সেজন্য এই ব্রাজিলিয়ান খেলোয়াড় সরাসরি রেফারিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
ইনজুরির কারণে দুই ম্যাচে মাঠের বাইরে থাকা রাফিনহা দ্বিতীয় লেগের রেফারি ক্লেমেন্ট তুরপাঁ এবং প্রথম লেগের রেফারি ইস্তভান কোভাচের রেফারিং দেখে তাদের ডাকাতির অভিযোগে অভিযুক্ত করেছেন। তার মতে, ‘আমার দৃষ্টিতে এটা ছিল ডাকাতি। শুধু এই ম্যাচ নয়, আগের ম্যাচটাতেও।’
প্রথম লেগে ২-০ গোলে হারলেও দ্বিতীয় লেগ ২-১ ব্যবধানে জিতেছে বার্সা। তারপরও দুই লেগ মিলিয়ে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয় তাদের। ম্যাচের পর উত্তেজিত রাফিনহা সাংবাদিকদের বলেছেন, ‘আমার মনে হয় রেফারিং খুব খারাপ হচ্ছে। সে (তুরপাঁ) যে সিদ্ধান্তগুলো নেয়, তা অবিশ্বাস্য… আমি সত্যিই বুঝতে চাই কেন তারা এত ভয় পায় যে বার্সেলোনা এসে জিতে যাবে।’
ম্যাচের পর পর সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, শেষ বাঁশির পর রাফিনিহা বারবার হাত দিয়ে কিছু কেড়ে নেওয়ার ইঙ্গিত করছেন, যা সাধারণত চুরি বোঝাতে ব্যবহৃত হয়। স্পষ্টত তখনই রেফারিদের ইঙ্গিত করে এমনটা করেছিলেন তিনি। তার পর রাফিনহা রেফারিদের ইঙ্গিত করে আরও বলেছেন, ‘এটা কঠিন, বিশেষ করে যখন বুঝতে পারি ম্যাচ জিততে হলে আমাদের তিন গুণ বেশি পরিশ্রম করতে হচ্ছে। আমার মতে এই লড়াইটার ফল কিছুটা বিভ্রান্তিকর ছিল। সবাই ভুল করতে পারে, সবাই মানুষ। কিন্তু যখন একই ধরনের ভুল বারবার ঘটে, তখন সেটি গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন আছে।’
ভয়েস/আআ