শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ঢাকা-৫ আসন: ভোট বর্জন করে মানববন্ধনের ঘোষণা সালাহউদ্দিনের

ভয়েস নিউজ ডেস্ক:

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে নির্বাচনে অনিয়মের প্রতিবাদে রবিবার দুপুরে নির্বাচনী এলাকায় মানবন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যায় সালাহউদ্দিন আহমেদ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি এই নির্বাচনের প্রথম দিন থেকে আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছি। এমনকি আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছি সেখানেও আমাকে বাধা দেয়া হয়েছে। আমার তো জন্মগত অধিকার এ এলাকার কোনো মসজিদে গিয়ে নামাজ পড়া, তাদের কাছে ভোট চাওয়া এবং দোয়া চাওয়া। কিন্তু সেটাও আমাকে করতে দেয়া হয়নি। আমরা যখনি গণসংযোগে গিয়েছি জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে এবং তখনই আওয়ামী সন্ত্রাসীরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে নির্যাতন করেছে। আপনারা দেখেছেন দনিয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের দুই নারী এজেন্ট বোনকে অপদস্ত করে বের করে দেয়া হয়েছে। এছাড়াও আর কে মিশন চৌধুরী স্কু্লে আমাদের আরেক নারী এজেন্টের উপর হামলা করে বের করে দেয়া হয়েছে। এমনকি তার গায়ে হাতও দেয়া হয়েছে।’

প্রিজাইডিং অফিসারদের প্রতি অভিযোগ তুলে তিনি বলেন, ‘প্রায় সব কেন্দ্রেই আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। যেসব কেন্দ্রে এজেন্ট ঢুকেছে তাদেরও বের করে দেয়া হয়েছে। কিন্তু প্রিজাইডিং কর্মকর্তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তাকে বারবার অবহিত করলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। তাই আমরা এ অনিয়মে জর্জরিত অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং পুনঃনির্বাচনের দাবি জানাচ্ছি।’

এসময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ‍সূত্র:ঢাকা টাইমস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION