বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

স্বাধীনতার ইতিহাস বিকৃতিই হচ্ছে বিএনপির গণতন্ত্র-কাদের

ওবায়দুল কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গণতন্ত্র নেই বলে বিএনপি নেতাদের অব্যাহত অভিযোগের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘স্বাধীনতার ইতিহাস বিকৃতিই হচ্ছে বিএনপির গণতন্ত্র। বিএনপির বহুদলীয় গণতন্ত্রের আরেক রূপ ছিল হ্যাঁ-না ভোট আর রাতের আঁধারে কারফিউ।’

৭ নভেম্বর উপলক্ষে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের রবিবার (৮ নভেম্বর) তার সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির বিরুদ্ধে কথা বলতে না চাইলেও তারা বাধ্য করে বলতে। কেননা তাদের কল্পিত ও বানানো অভিযোগের জবাব দেওয়া দলের সাধারণ সম্পাদক হিসেবে আমার দায়িত্ব।’

‘বিপ্লব ও সংহতির মাধ্যমে ৭ নভেম্বর দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছিল’—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি ঠিকই বলেছেন, ৩ থেকে ৭ নভেম্বরের মধ্যে জাতীয় চার নেতাসহ দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেনাকর্মকর্তা ও সিপাহী হত্যার মাধ্যমে একজন জেনারেলের ক্ষমতা দখলের স্বপ্ন বাস্তবায়ন তাদের কাছে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা মনে হওয়াই স্বাভাবিক।’ ওবায়দুল কাদের বলেন, ‘এর আগে ৭১-এর পরাজিত শক্তি পরাজয়ের প্রতিশোধ নিতে ঘটিয়েছিল ৭৫-এর ১৫ আগস্টের হত্যাকাণ্ড, সে দিনটিকে বিএনপি মনে করে প্রথমবারের স্বাধীনতা।’ তিনি আরও বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব হলে বিএনপি নেতারা বলতো তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছে দেশ।’

এই রাজনীতিবিদ বলেন, ‘দেশের জনগণের বিশ্বাস, প্রকৃতপক্ষে ৭ নভেম্বর হচ্ছে মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র হত্যা দিবস।’

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক—বিএনপি নেতাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘কোন সে গণতন্ত্র? বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল রাতের আঁধারে কারফিউ গণতন্ত্র।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এরকম শপথ প্রায়ই তারা নেন। তারপর জনগণ আর তাদের দেখে না, কর্মীরা রাজপথ খুঁজে পায় না।’ খালেদা জিয়ার মামলার বিরুদ্ধে আওয়ামী লীগ কোনও মামলা দেয়নি উল্লেখ করে কাদের বলেন, ‘তার বিরুদ্ধে সব মামলা তত্ত্বাবধায়ক সরকারের করা। বিএনপি নেতাদের শপথের ওপরই এখন নির্ভরতা, রাজপথ আর আন্দোলন এখন বিএনপির অচেনা।’

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক শক্তির যেকোনও হামলায় সরকারের দ্রুত ব্যবস্থা দেওয়ার ঘটনায় যার প্রমাণ বহন করে। অতীতের যেকোনও ঘটনাকে সরকার প্রশ্রয় দেয়নি।’ সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও কোনও নেতার সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তা সত্য নয়, আওয়ামী লীগের আমলে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সরকার কখনও নীরব দর্শক হিসেবে থাকেনি।’সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION