বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার আমরা প্রতিষ্ঠা করবো। আসুন সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
বুধবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ‘এখন আমাদেরকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সমগ্র রাজনৈতিক দলগুলোকে আবার আমি আহ্বান জানাচ্ছি। এই গণতন্ত্রকে উদ্ধারের যে সংগ্রাম এই সংগ্রাম শুধু একা বিএনপির নয়। সব রাজনৈতিক দল, সকল মানুষকে আজকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে অবশ্যই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে এই বিক্ষোভ সমাবেশ হয়। মহানগরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী বিভিন্ন প্লাকার্ড হাতে এই সমাবেশে অংশ নেন।
রাজধানী ঢাকা ছাড়াও আজ সারা দেশে জেলা ও মহানগরেও একাদশ নির্বাচনের ফলাফল বাতিল ও নতুন নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি।
মহানগর দক্ষিণের সভাপতি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে ও দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার ও উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলীম নকির পরিচালনায় সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সূত্র:রাইজিংবিডি।
ভয়েস/জেইউ।