শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আন্তর্জাতিক আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের জয়

আন্তর্জাতিক ডেস্ক:

নেদারল্যান্ডসের হেগে শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং দু’দেশের মধ্যে ১৯৫৫ সালে স্বাক্ষরিত অর্থনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিচার করতে সম্মত হয়েছে।

আমেরিকার পক্ষ থেকে এই আদালতে ইরানের এ সংক্রান্ত অভিযোগের বিচার না করার আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে ইরানের পক্ষে রায় দিয়েছে।

ইরানের ওপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর ২০১৮ সালে ইরান আন্তর্জাতিক বিচার আদালতে মার্কিন সরকারের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করে।

আদালতের প্রধান বিচারপতি বুধবার রায় ঘোষণা করে বলেন, যুক্তরাষ্ট্র এই বিচারের শুনানি স্থগিত করতে যে আবেদন জানিয়েছিল বেশিরভাগ বিচারক তাকে ন্যায়সঙ্গত মনে করেননি। তারা বরং আমেরিকার বিরুদ্ধে ইরানের অভিযোগ খতিয়ে দেখতে সম্মত হয়েছেন।

২০২০ সালে আন্তর্জাতিক বিচার আদালতে ইরানের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করে বলেছিলেন, মার্কিন সরকার তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ১৯৫৫ সালে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক চুক্তি লঙ্ঘন করেছে।

২০১৮ সালের ৩ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থগিতের নির্দেশ দিয়েছিল। বিশেষ করে ইরানে মানবিক পণ্য সরবরাহকে নিষেধাজ্ঞার বাইরে রাখতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছিল আদালত।

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা ২০১৮ সালের মে মাসে বের হয়ে যায়। এরপর ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে ওই বছরেরই জুলাই মাসে ইরান আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে। ২০১৮ সালের ৩ অক্টোবর জাতিসংঘের সর্বোচ্চ বিচার আদালত ইরানের পক্ষে সেই মামলার রায় দেয়।

কিন্তু সে রায় বাস্তবায়ন না করে যুক্তরাষ্ট্র উল্টো এই বিচার প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলে বিচারের শুনানি স্থগিত রাখার আবেদন জানিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, হেগের আন্তর্জাতিক বিচার আদালত বুধবার যে রায় দিয়েছে তা আমেরিকার বিরুদ্ধে তার দেশের আরেকটি বিজয়ের প্রমাণ বহন করে। তিনি বুধবার রাতে এক টুইট বার্তায় এমন মন্তব্য করেন।

জারিফ বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে তেহরান হেগের আদালতে যে মামলা করেছিল তার শুনানি স্থগিত করার মার্কিন আবেদন প্রত্যাখ্যান করেছে ওই আদালত। ২০১৮ সালের ৩ অক্টোবরের রায়ের পর এটি আমেরিকার বিরুদ্ধে ইরানের আরেকটি আইনি বিজয়।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ সব সময় সকল আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলেছে। কাজেই এখন সময় এসেছে আমেরিকার পক্ষ থেকে দেয়া আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার।-পার্স ট্যুডে।।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION