মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল। বাদ পড়েছে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু মজার ব্যাপার লিগ পর্বের তিন ম্যাচের একমাত্র গোলটি কিরগিজদেরই করা। লিগ ভিত্তিক টুর্নামেন্টের প্রথম পর্বে প্রতি দল একে অপরের সঙ্গে খেলেছে একবার করে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ হারায় বাংলাদেশ। এরপর কিরগিজ-নেপাল ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তাতে ফাইনালে উঠে যায় বাংলাদেশ।
শনিবার বাংলাদেশ ও নেপালের মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচটিও গোল শূন্য ড্র হয়। ফলে দুই ম্যাচের দুটিতেই ড্র করে ২ পয়েন্ট নিয়ে ফাইনালে নাম লেখায় নেপাল।
এক ম্যাচ হাতে থাকতেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া বাংলাদেশ দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলতে যাচ্ছে।
কিন্তু কিরগিজস্তান গোল করেও টুর্নামেন্ট থেকে বাদ কীভাবে? আসলে গোলটি যে তারা দিয়েছিল নিজেদের জালেই! বাংলাদেশের বিপক্ষে আত্মঘাতী গোলে হেরে যায় দলটি। সেই আত্মঘাতী গোলে গোটা টুর্নামেন্টটাই মাটি দলটির। দুই ম্যাচে যাদের পয়েন্ট এক।তবে এদিন বাংলাদেশের বিপক্ষে নেপাল একাধিক গোলে হারলে ফাইনালে খেলার সুযোগ পেত কিরগিজরা।
২৯ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। জিততে হলে বাংলাদেশের খেলোয়াড়দের গোল করা চাই। যা এখন পর্যন্ত দেখা মেলেনি।প্রায় ১৫ বছর পর দেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ট্রফি নিয়ে ফিরতে পারবে তো জামাল ভূঁইয়ারা?
ভয়েস/আআ