বুধবার, ০১ Jul ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব সাখাওয়াত হোসেন রাজি বলেছেন, আমাদের যে নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে তার প্রতিবাদে আমরা ইচ্ছা করলে কয়েক ঘণ্টার নোটিশে ঢাকায় ৫ লাখ লোকের সমাবেশ করতে পারতাম। ইচ্ছা করলে আমরা সরকারের গদি নড়িয়ে দিতে পারি।
রোববার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ঢাকা মহানগর হেফাজতের পক্ষ থেকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুলকে নিয়ে বাজে সমালোচনা চলছে। সেই সঙ্গে একজন সতী নারীকে অপবাদ দেওয়া হচ্ছে। মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গিয়েছিলেন, সেখানে ছাত্রলীগের লোকেরা তাকে হেনস্থা করেছে। যে সমস্ত অডিও ক্লিপ বের করা হয়েছে এ বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নেব।
সাখাওয়াত হোসেন রাজি বলেন, মামুনুল হক ও তার স্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে বক্তব্য দিয়েছেন তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। আমরা আশা করব তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করে নেবেন।
তিনি আরও বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদে প্রকাশ্যে বিক্ষোভ করতে পারতাম, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটা করিনি।
প্রসঙ্গত, শনিবার (৩ এপ্রিল) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে মামুনুল হককে অবরুদ্ধ করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়। সূত্র:বাংলাট্রিবিউন।
ভয়েস/জেইউ।