সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেকোনো কর্মসূচি পালন করতে পারে, সেখানে আমাদের কিছু বলার নেই। তবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
তিনি বলেন, বিএনপি দোয়া মাহফিল করতে পারে, মানববন্ধন করতে পারে, রাজনৈতিক দলের কর্মসূচি দিতে পারে। কিন্তু মানুষের জানমাল রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকবে। তারা যদি ওই জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কিংবা জানমাল বিনষ্ট করার প্রচেষ্টা নেয় তাহলে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।
রবিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে আবেদন তিনি গ্রহণ করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, বেসরকারি ইউনাইটেড হাসপাতালে কর্মরত একজন কর্মকর্তা এখানে এসেছিলেন। তিনিও বললেন, বিদেশি চিকিৎসক এলে এখানে তার (খালেদা জিয়া) চিকিৎসা হতে পারে। আমাদের এখানে (ইউনাইটেড হাসপাতাল) পাঠিয়ে দিতে পারেন, আমরা ওয়েল ইকুইপ্ট হাসপাতাল। এগুলো জানার পরেও তারা আবেদন করেছেন, আবেদনটি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা প্রসেস করে দেখব বলে জানিয়ে দিয়েছি।
ভয়েস/আআ