শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না-ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনের ব্যর্থতার দায় ক্ষমতাসীন দল কোনোভাবেই এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, এই ব্যর্থতার দায় দলটির সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নতুন কমিশন গঠনের লক্ষ্যে ডিসেম্বর থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। আগের দুটি সংলাপে অংশ নিলেও বিএনপি এবার এই সংলাপ বর্জন করেছে।

তারা নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ফিরে গেছে। বলেছে, এই সরকার ছাড়া নির্বাচন কমিশনে যাকেই নিয়োগ দেয়া হোক না কেন, কোনো লাভ হবে না।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি আবার আন্দোলনে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছে।

এরই মধ্যে শনিবার সার্চ কমিটি গঠন করা হয়। এর প্রধান করা হয় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে। সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম-কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন এবং সাবেক নির্বাচন কমিশনার ছহুল হুসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।তাদের মধ্যে ছহুল হুসাইন গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

এই সার্চ কমিটি বিএনপির কাছে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, ‘শুধু সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠনের কোনো প্রক্রিয়াতে আমরা থাকব না। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না এটা পরীক্ষিত সত্য। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোনো আগ্রহ নেই।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলের ওপর কোনো বাধ্য-বাধকতা থাকতে পারে না কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার বিষয়ে। অন্য দলের সিদ্ধান্তের বিষয়ে তিনি (ওবায়দুল কাদের) হস্তক্ষেপ করতে পারেন না। বিএনপির সিদ্ধান্তের বিষয়ে তিনি কথা বলা কতটুকু সমীচীন হবে সেটা ভেবে দেখা উচিত।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION