বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
মুমিনুল,ফাইল ছবি । খেলাধুলা ডেস্ক:
দ্বিতীয় ইনিংসে ২৭৪ রান অবশ্য কঠিন ও বড় লক্ষ্য। কিন্তু প্রোটিয়া স্পিনের সামনে এভাবে অসহায় আত্মসমর্পণ করবে বাংলাদেশ, তা অনেকেই হয়তো ভাবতেও পারেননি। পঞ্চম ও শেষ দিনের ঘণ্টা পেরোনোর আগেই খেলা শেষ! ৫৫ মিনিটে ৫৩ রানে অলআউট বাংলাদেশ। যা কিংসমিডে সর্বনিম্ন স্কোর কোন দলের, আর বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন। ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে ২২০ রানের বড় হার।
সোমবার (৪ এপ্রিল) ডারবান টেস্ট শেষে তাই অধিনায়ক মুমিনুল হক দুষছেন ব্যাটিংকেই, ‘আমরা স্পিনের বিপক্ষে খেলে অভ্যস্ত। আমরা এটিও জানতাম যে ডারবানে তৃতীয়-চতুর্থ দিনের পর স্পিন ধরে। আমরা ব্যাট হাতে নিজেদের সামর্থ্য দেখাতে পারিনি। আমরা অনেক ল্যুজ শট খেলেছি। প্রথম ইনিংসে ভালোই ছিল।’
২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে বিকেলে বাংলাদেশ মাত্র ১১ রানে হারায় ৩ উইকেট। পঞ্চম দিন খেলতে নেমে এক ঘণ্টাও ব্যাটিং করতে পারেনি মুমিনুল হকের দল। ৫৫ মিনিটে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাসকিনকে আউট করে ইনিংসের ইতি ঘটান কেশব মহারাজ। তিনি মাত্র ৩২ রান দিয়ে একাই নেন ৭ উইকেট।
বাংলাদেশের হয়ে একাই লড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি ২৬ রান করেন। ১৪ রান করেন তাসকিন। এ ছাড়া কোনো ব্যাটসম্যান ৫ রানের বেশি করতে পারেননি।
মুমিনুল বলেন, ‘বলের মেধাগুণ বিচার করে খেলতে চেষ্টা করছি। আমরা শেষ সেশন পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত গতকাল আমরা ৩ উইকেট হারিয়ে ফেলি, যা খুব গুরুত্বপূর্ণ ছিল।’
হারের তিক্ত স্বাদ ভুলে মুমিনুল এবার ঘুরে দাঁড়াতে চান। পোর্ট এলিজাবেথে ৭ এপ্রিল দ্বিতীয় টেস্টে নামবে বাংলাদেশ।
মুমিনুল বলেন, ‘আমরা দ্বিতীয় ইনিংসে ৫০-৬০ রান বেশি দিয়ে ফেলেছি। আমাদের হাতে আরেকটি ম্যাচ আছে। আমাদের এখান থেকে শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের সামনে আসা সুযোগগুলো কাজে লাগাতে হবে। নতুন ছেলেদের নিজেদের প্রতিভা দেখানোর ভালো একটি সুযোগ এটি।’
ভয়েস/জেইউ।