মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপির গায়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তকমা নাই: রিজভী

রুহুল কবির রিজভী,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি সরকারের আমলে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কোনো নিষেধাজ্ঞা আসেনি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২ অক্টোবর) দুপুরে তিনি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ সরকারের নৃশংসতার জন্য আন্তর্জাতিকভাবে যে নিষেধাজ্ঞা এসেছে, সেটাকে আড়াল করতে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে মতবিনিময় সভায় বলেছেন- ‘বিএনপি আমলের দুর্নীতি আর নৃশংসতা সবাইকে জানতে হবে’।

তিনি আরও বলেন, বিএনপির আমলে যদি সত্যিকার অর্থেই কোনো অন্যায় হতো, কোনো নৃশংসতা হতো, তাহলে তো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে নিষেধাজ্ঞা আসতো। কিন্তু বিএনপির সময়ে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আসেনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, তিনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন। র‌্যাব-পুলিশ দিয়ে গণমাধ্যমকে হুমকি দিতে পারেন, তারপরও তো আন্তর্জাতিক সম্প্রদায় চোখ বন্ধ করে রাখেনি। তিনি আজকে গোটা জাতিকে জিম্মি করে রেখেছেন।

বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, আজকে প্রতিবছর কোটি কোটি টাকাপাচার হচ্ছে। একটা দরজা-জানালার পর্দার দাম ২২ লাখ টাকা ধরা হচ্ছে। আজকে জনগণের টাকায় খিচুড়ি রান্না ও পুকুর কাটা শিখতে সরকারি কর্মকর্তারা বিদেশে যাচ্ছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, রাষ্ট্রীয় তহবিল নিয়ে যে নয়-ছয় এবং এর মাধ্যমে সরকারের দুর্নীতির মুখোশ বেরিয়ে এসেছে। আর সেটাকে আড়াল করতে এখন বলছে যে, বিএনপি আমলের দুর্নীতি সবাইকে জানতে হবে।

বিএনপির এই মুখপাত্র বলেন, তাদের (বর্তমান সরকার) অবৈধ সত্তা। তারা যে ক্ষমতায় আছে তাদের কোনো নির্বাচনী বৈধতা নেই। এই অবৈধ সত্তার কারণে আজ আন্তর্জাতিক সম্প্রদায় ও দেশের মানুষ তাদের ধিক্কার দিচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION