বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত ‘ফাইভ মার্ডারের’ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জন দুষ্কৃতিকারিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।এসময় গ্রেপ্তারদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার গভীর রাতে উখিয়া উপজেলার বালুখাল ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান ৮ এপিবিএন এর সহকারি পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ।
গ্রেপ্তারদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও তারা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা বলে জানান তিনি।
ফারুক আহমেদ জানান, শুক্রবার ভোরে উখিয়া উপজেলার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসীদলের মধ্যে গোলাগুলির ঘটনায় ৫ জন নিহতের ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িতরা ক্যাম্পে অবস্থান করছে খবরে এপিবিএন সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালায়। এতে ক্যাম্পটির বিভিন্ন এলাকায় অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে দেশিয় তৈরী একটি বন্দুক ও একটি গুলি পাওয়া যায়।
এদিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, ফাইভ মার্ডারের ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ জমা দেওয়া হয়নি। সেকারণে এখনো মামলা রেকর্ড করা হয়নি।
মরদেহ দাফনের পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা রেকর্ড করা হবে জানিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভয়েস/আআ