সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালে না ফেরার দেশে চলে গেলো তরুন ফুটবল রেফারী, যোগ্য স্কাউটার ও একজন ভালো ফুটবলার স্কুল শিক্ষার্থী ইয়াছির মামুন।
সূত্রে জানা যায়, আজ ৭ আগস্ট দুপুর ১২ টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকায় একটি গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াছির মামুন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মামুন গোরকঘাটা লিডারশীপ হাইস্কুলের ১০ম শ্রেণীর ছাত্র এবং মহেশখালী পৌরসভার কর্মচারী রফিকের পুত্র বলে জানা গেছে।
মামুন একজন স্কুল শিক্ষার্থী হলেও পারিবারিক অস্বচ্ছলতার কারণে অটোরিকশা চালিয়ে পড়ালেখার খরচ যোগানোর পাশাপাশি পরিবারের জীবিকা নির্বাহ করতো। সে তরুণ রেফারি হিসেবে জেলা ফুটবল রেফারীজ ফোরামের একজন নিয়মিত সদস্য। এলাকাবাসির মতে মামুন একজন খুবই অমায়িক ছেলে ছিল।
তার অকাল মৃত্যুর বিষয়ে আক্ষেপ করে সাংবাদিক আমিনুল হক লিখেন, আমার সাথে মহেশখালীর বিভিন্ন মাঠে ফুটবল খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছে। আমরা একজন সম্ভাবনাময় ভালো রেফারিকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আমিন।
ভয়েস/জেইউ।