রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পরিবহণ ধর্মঘটের কবলে পর্যটক, দুর্ভোগে সাধারণ মানুষ

পরিবহণ ধর্মঘটের সময় কক্সবাজার বাস টার্মিনাল থেকে তোলা ছবি-কক্সবাজার ভয়েস।

আবদুল আজিজ:
কক্সবাজারে পরিবহণ ধর্মঘটের কবলে পড়েছে সাধারণ মানুষ ও ভ্রমনে আসা পর্যটকরা। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। আজ বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে।

আজ বুধবার দিনব্যাপী ৭ দফা দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ-বান্দরবান সড়ক ও পিএবি বাঁশখালী সহ চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের তিন জেলা ও উপজেলায় পরিবহন ধর্মঘট পালনের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ফলে সকাল থেকে কক্সবাজারের সাথে চট্টগ্রাম সহ আশপাশের দূরপাল্লার যানবাহন বন্ধ হয়ে যায়। হঠাৎ পরিবহণ ধর্মঘটের কারণে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক ও চট্টগ্রাম-ঢাকামুখী সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। কক্সবাজার বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারে টিকেট না পেয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে।

কক্সবাজারে বেড়াতে আসা সিরাজগঞ্জের পর্যটক দম্পতি রায়হান উদ্দিন চৌধুরী ও বীথি চৌধুরী জানান, ‘আজ পরিবহণ ধর্মঘটের কথা আমরা জানতাম না। আমরা সেন্টমার্টিন থেকে কক্সবাজার বাসটার্মিনালে এসে জানতে পারলাম আজ পরিবহণ ধর্মঘট চলছে। ওদিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য আমাদের ট্রেনের টিকেট করা আছে। আজ বিকালের মধ্যে ফিরতে না পারলে টিকেট বাতিল হয়ে যাবে।’

ঢাকা মোহাম্মদপুর থেকে আসা শফিউল আজম বলেন, ‘দুইদিন হল কক্সবাজার বেড়াতে এসেছি বউ-বাচ্চা নিয়ে। আজ ঢাকা ফেরার সময় এখন। কিন্তু, বাস নাই। ধর্মঘটের কারণে আটকে গেলাম। আমাদের কাছে থাকা বাজেটও শেষ। বাসের টিকেটের জন্য কাউন্টারে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

উখিয়ার ইনানী বাইল্যাখালী এলাকার বাসিন্দা মৌলনা আবু সৈয়দ। তার মা-কে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যেতে কাউন্টারে এসে জানতে পারেন পরিবহণ ধর্মঘট চলছে। বাস না পাওয়ার কারণে চিকিৎসা নিয়ে শংকায় পড়ে গেছি।’

কক্সবাজার আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক কক্সবাজার ভয়েসকে বলেন, ‘আমরা ৭ দফা দাবিতে চট্টগ্রাম, বান্দরবানের সাথে একাত্মতা ঘোষনা করে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহণ ধর্মঘট পালন করছি। আমরা আসা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে নিবে। দাবি না মানলে সামনে আরও কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

কক্সবাজার জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শেফাতুল আলম বাবু কক্সবাজার ভয়েসকে বলেন, ‘ সড়ক পরিবহণ আইন বাস্তবায়ন ও সড়কের বিশৃংখলা সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চট্টগ্রাম বিভাগের মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সাথে আমরাও সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছি। এটি আমাদের পূর্বঘোষিত কর্মসূচী ছিল।”

কক্সবাজার কলাতলী মেরিন ড্রাইভ হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মৌখিম খান কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘কক্সবাজার ভ্রমনে আসা পর্যটকরা রাতে আসা-যাওয়া করলেও বেশিরভাগ পর্যটক দিনে সড়কপথে আসা যাওয়া করে। কিছু পর্যটক আবার বিমানে করেও কক্সবাজার ভ্রমন করে থাকেন। কিন্তু, আজকে সড়ক পরিবহণ ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটের কারণে ঢাকা থেকে দিলের বেলায় কোন পর্যটক আসেনি এবং কক্সবাজার ছেড়ে যায়নি। কারণ, অনেকে ভ্রমণ শেষে সকালে সড়কপথে যেতে বাস কাউন্টারে গিয়ে আবার হোটেলে ফেরত এসেছে। অনেকে আবার কাউন্টার এবং এদিক-ওদিক ঘুরে সন্ধ্যা পর্যন্ত সময় অতিবাহিত করছে। জরুরী যাদের কক্সবাজার ছাড়তে হচ্ছে, তাদের বাড়তি টাকা দিয়ে কার-মাইক্রোবাসে করে চলে গেছে। এতে করে সীমাহীন দুর্ভোগে পড়ে পর্যটকরা।’

ধর্মঘটের সপক্ষে তাদের দাবিগুলো হলো- সড়ক ও উপ-সড়কে দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা আনা, বিআরটিএ’র অনুমোদন ব্যতীত মিনি বাস চ্যাসিসকে লোকাল গ্যারেজে করে দ্বিতল বাসে রূপান্তর করে স্লিপার কোচ নাম দিয়ে অপ্রস্থ রোডে চলাচল নিষিদ্ধ করা, বহিরাগত এসি/নন এসি বাস রুট পারমিটের শর্ত ভঙ করে লোকাল রুটের যাত্রী বহনের কারণে গাড়িতে গাড়িতে অসম প্রতিযোগিতা বন্ধ করা, সড়কের দুর্ঘটনা ও প্রাণহানির জন্য দায়ী ইজিবাইক, ব্যাটারি রিকশা, টমটম ও অবৈধ থ্রি হুইলার সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা, হাইওয়ের আইন মোতাবেক রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা সহ হাট-বাজার সরিয়ে নেয়া, একইভাবে ঢাকা ও চট্টগ্রামে ট্রাফিক আইনে দ্বিগুণ জরিমানার বৈষম্য দূরীকরণ, চট্টগ্রাম বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, খোলা ট্রাকে লবণ পরিবহন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন, রিকুইজিশানের মাধ্যমে ২ জেলায় রুট পারমিটধারী বাস মিনিবাস কোচ গাড়ি দেশের প্রত্যন্ত এলাকা ও উপজেলায় পাঠানোর নামে রিকুইজিশান বাণিজ্য বন্ধ, কক্সবাজার পৌর বাস টার্মিনালে ময়লা-আবর্জনার স্তুুপ অবিলম্বে পরিষ্কার করা।

ভয়েস/আআ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION