শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সেন্টমার্টিন, ফাইল ছবি ভয়েস প্রতিবেদক:
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনের লাশ মিলেছে। শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে লাশগুলো টেকনাফ উপকূলে ভেসে আসে। এ ঘটনায় নুর মোহাম্মদ সাগর নামে আরও একজন নিখোঁজ রয়েছেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া মৃতরা হলেন মো. ইসমাইল ও মো. ফাহাদ। ইসমাইল ট্রলারের যাত্রী ছিলেন। আর ফাহাদ স্পিডবোট নিয়ে ট্রলারডুবিতে নিখোঁজদের খুঁজতে গিয়ে স্পিডবোট ডুবে নিজেও সাগরে নিখোঁজ হন। ট্রলারডুবিতে এখনও নিখোঁজ রয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।
গত বুধবার দুপুরে টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় এফবি সাদ্দাম নামে একটি ফিশিং ট্রলার ডুবে যায়। পরে ট্রলারে থাকা ১২ জেলে ও যাত্রীর মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়। স্থানীয়রা সেন্টমার্টিন ঘাট থেকে যাওয়া কয়েকটি ফিশিং ট্রলার, সার্ভিস বোট ও স্পিডবোটে করে গিয়ে এ উদ্ধার তৎপরতা চালায়। ঢেউয়ের তোড়ে একটি স্পিডবোটও সাগরে ডুবে যায়। এতে নিখোঁজ হন আরও দুজন।
দুই দিন পর নিখোঁজ তিনজনের মধ্যে আজ দুজনের লাশ উপকূলে ভেসে এলো। এখনও নিখোঁজ রয়েছেন নুর মোহাম্মদ।
ভয়েস/জেইউ।