রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে হঠাৎ বিকট শব্দ হওয়ায় নিরাপত্তা শঙ্কায় দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। স্থানীয় সময় শনিবার (২৫ মে) রাতে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’-এ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে আচমকা জোরে শব্দ শোনা যায়, যা অনেকের কাছে গুলির শব্দ বলে মনে হয়। এতে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে সক্রিয় হয় নিরাপত্তা বাহিনী। সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সময়ে অনুষ্ঠানস্থলের বাইরে নিরাপত্তা এলাকায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পরপরই অনুষ্ঠানটি স্থগিত করা হয়। ভেতরে থাকা অনেক অতিথি আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন বলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
তবে এই ঘটনায় ট্রাম্পের কোনও ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ভয়েস/আআ