শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব

খেলাধুলা ডেস্ক:

সান্তোসে খেলোয়াড় কেনাবেচার জন্য স্পোর্টিং ডিরেক্টর কিংবা ট্রান্সফার কমিটির প্রয়োজন যেন নেই। ক্লাবটির দলবদল পরিকল্পনায় এখন একটি নামই যথেষ্ট, নেইমার। শুধু খেলোয়াড় হিসেবে নয়, ট্রান্সফার আলোচনায় মধ্যস্থতাকারী, অর্থদাতা এবং পৃষ্ঠপোষক হিসেবেও বড় ভূমিকা রাখছেন ব্রাজিলিয়ান তারকা। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সান্তোসের ওপর থাকা ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিতে নেইমারের স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান এনআর স্পোর্টসের মাধ্যমে ২০ লাখ ইউরো পরিশোধ করেছেন তিনি।

পাশাপাশি আর্থার ও ফিলিপে কুতিনিয়োকে সান্তোসে আনতেও ব্যক্তিগতভাবে ভূমিকা রেখেছেন নেইমার।
প্রতিবেদন অনুযায়ী, আর্থার, এভারতন সেবোলিনিয়া এবং তুলনামূলক বেশি সময় নিয়ে ফিলিপে কুতিনিয়োকে সান্তোসে আসতে রাজি করিয়েছেন নেইমার।

মিডফিল্ডার জ্যাঁ লুকাসকে দলে ভেড়ানোর সময় মোনাকোর কাছে ২০ লাখ ইউরো বকেয়া থাকায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞার মুখে পড়ে সান্তোস। তখন নেইমারের পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান এনআর স্পোর্টস এগিয়ে এসে সেই অর্থ পরিশোধ করে। এর বিনিময়ে সান্তোসের জার্সিতে বিজ্ঞাপনের জায়গা পায় প্রতিষ্ঠানটি।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরই দ্রুত খেলোয়াড় দলে ভেড়াতে শুরু করে সান্তোস। কয়েক দিনের মধ্যেই রোদিনেই, আর্থার, লিমা ও এভারতন সেবোলিনিয়াকে দলে নেওয়ার ঘোষণা দেয় ক্লাবটি। পরে গাবিগোলও যোগ দেন। চলতি সপ্তাহে ফ্রি এজেন্ট হিসেবে কুতিনিয়ো চুক্তিবদ্ধ হন সান্তোসে। এর মাধ্যমে শৈশবের বন্ধু নেইমারের সঙ্গে আবারও একই ক্লাবে খেলবেন তিনি।

‘লেকিপ’-এর দাবি, প্রায় প্রতিটি চুক্তির পেছনেই ছিল নেইমারের ব্যক্তিগত ফোনকল। বিশেষ করে কুতিনিয়োকে রাজি করাতে তাকে বেশ ধৈর্য ধরতে হয়েছে।

সান্তোসের এই দলবদল পরিকল্পনার পেছনে অবশ্য বাস্তবিক প্রয়োজনও রয়েছে। ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে অবনমন এড়ানোর লড়াইয়ে রয়েছে ক্লাবটি। তবে নেইমারের লক্ষ্য আরও বড়। উরুর চোটে আবারও মাঠের বাইরে থাকা এই তারকা স্বপ্ন দেখছেন কোপা সুদামেরিকানার শিরোপা জেতার। সান্তোসে তার প্রত্যাবর্তনের গল্পকে পূর্ণতা দিতে এই ট্রফিই যেন সবচেয়ে বড় চাওয়া।

ফলে সান্তোসে নেইমারের ভূমিকা এখন শুধু একজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ নেই। খেলোয়াড় আনা, তাদের রাজি করানো, ক্লাবের জন্য অর্থের ব্যবস্থা করা এবং মাঠে দলের নেতৃত্ব দেওয়া, সব ক্ষেত্রেই তার উপস্থিতি। ভিলা বেলমিরোতে যেন সান্তোসের পুরো প্রকল্পের কেন্দ্রবিন্দুই নেইমার।

উল্লেখ্য, জ্যাঁ লুকাসকে মোনাকো থেকে দলে ভেড়ানোর সময়ের সেই ২০ লাখ ইউরো বকেয়া ছিল সান্তোসের। ব্রাজিলিয়ান মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ১ কোটি ২০ লাখ রিয়াল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION