বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর এবার ক্লাব কর্তৃপক্ষের ওপর ক্ষোভ ঝাড়লেন লিসান্দ্রো মার্টিনেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারের মতে, ইউরোপের শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে দল গঠনে আরও বিনিয়োগ করতে হবে।
মঙ্গলবার আতলেতিকোর মাঠে ম্যাচের শুরুতেই গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন পাবলো বারিওস। এরপর দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে আদেমোলা লুকম্যানের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এর কিছুক্ষণ আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেড ডিফেন্ডার লেনি ইয়োরো।
ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, ‘আমাদের ফুটবল পরিচালকের কাছ থেকে আমি আরও বেশি প্রত্যাশা করি। সত্যি বলতে, আমি এটাই মনে করি। একই সঙ্গে খেলোয়াড় হিসেবেও আমাদের আরও ভালো করতে হবে।’
ক্লাবের ফুটবল পরিচালক জেসন উইলকক্সকে আলাদাভাবে উল্লেখ করে মার্টিনেজ বলেন, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে এবং ইউরোপে শিরোপার লড়াইয়ে থাকতে ইউনাইটেডের আরও খেলোয়াড় প্রয়োজন।’
‘গত মৌসুমে আমাদের দারুণ সময় কেটেছে। এখন আমরা ক্লাবের শীর্ষ পর্যায় থেকে আরও কিছু প্রত্যাশা করি। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরও খেলোয়াড় আনতে হবে। কারণ, অন্য অনেক দলও দলে বেশ কয়েকজন খেলোয়াড় যোগ করেছে।’
দুই মৌসুম বিরতির পর এবার চ্যাম্পিয়নস লিগে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৩-২৪ মৌসুমে সর্বশেষ অংশ নিয়ে গ্রুপ পর্বে সবার নিচে থেকে বিদায় নিয়েছিল তারা। এবারও শুরুতে ধাক্কা খাওয়ায় ইউরোপীয় মঞ্চে তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে।
প্রিমিয়ার লিগে বর্তমানে ১৩তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী রোববার লিডস ইউনাইটেডের মাঠে খেলবে তারা। এরপর ২১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইতালির কোমোর মুখোমুখি হবে ক্যারিকের দল।
ভয়েস/আআ