শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

নাব্যতা সংকট: রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সরঞ্জাম পরিবহনে বাধা 

ভয়েস নিউজ ডেস্ক:

দেশের নৌপথের লাইফলাইন বলা হয় ঢাকা-বরিশাল নৌরুটকে। দক্ষিণাঞ্চলের অধিকাংশ জেলার যাত্রী ও পণ্য পরিবহন হয় এ নৌরুট দিয়ে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা যন্ত্রপাতিসহ ভারী সরঞ্জাম এ রুট দিয়েই পরিবহনের পরিকল্পনা করেছিল সরকার। কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে নাব্যতা সংকট। ফলে বিকল্প রুটের সম্ভাব্যতা যাচাই করছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঢাকা-বরিশাল নৌরুটটি শুধু দেশের লাইফলাইনই নয়, এটি আন্তর্জাতিক রুটও। মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে পণ্য পরিবহনের একমাত্র অভ্যন্তরীণ রুট এটি। পাশাপাশি দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের একমাত্র নির্ভরযোগ্য রুট এটি। কিন্তু ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী প্রায় সব জাহাজই নাব্যতা সংকটের সমস্যায় পড়ে। এ সংকট কাটিয়ে ওঠার জন্য প্রতি বছর ড্রেজিং করা হলেও তার স্থায়ী কোনো সমাধানে পৌঁছতে পারছে না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। উজানের পানিপ্রবাহের একমাত্র নদী হওয়ায় প্রতি বছরই উজান থেকে পলি জমে নাব্যতা সংকট দেখা দেয়। রুটটির মিয়ারচর এলাকায় প্রতি বছর ২৫ কোটি টাকার ড্রেজিং করেও কোনো সমাধান মেলেনি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ড্রেজারও স্থাপন করা সম্ভবপর নয়। এ অবস্থায় এ রুট দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালপত্র পরিবহন করা যাবে না। ফলে বিকল্প রুটের সম্ভাব্যতা যাচাই করছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।

জানতে চাইলে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বণিক বার্তাকে বলেন, নতুন দুটি রুটের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমাদের একটি বৈঠক আছে। সেখানে দুটি রুটের একটা শর্ট অ্যানালাইসিস করে একটি সিদ্ধান্ত নেয়া যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালপত্র পরিবহন নিশ্চিত করতে নৌরুট চিহ্নিত করা নিয়ে একটি বৈঠক করতে যাচ্ছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে চাঁদপুর-শেওড়া-উলানিয়া-বাবুগঞ্জ-হিজলা-বরিশাল অথবা চাঁদপুর-ভায়া লক্ষ্মীরচর-আলুবাজার-ইশানবালা-জালালপুর-৬ নং চরপ্রকাশ-শৌলা-দুর্গাপুর-হিজলা-বরিশাল নৌপথ ড্রেজিংকরণ প্রসঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বর্তমানে চাঁদপুর-কালিগঞ্জ-ইলিশাঘাট-উলানিয়া হয়ে ঢাকা-বরিশাল নৌরুটে জাহাজ চলাচল করছে। চাঁদপুর থেকে বরিশাল পর্যন্ত এ নৌপথের দৈর্ঘ্য ১০৩ কিলোমিটার। আর মোংলা সমুদ্রবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভারী মালপত্র বরিশাল-চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী বন্দরে পৌঁছে। বর্ষা মৌসুম উজান থেকে পলি জমে প্রকট নাব্যতা সংকট দেখা দেয়। প্রতি বছর ড্রেজিং করা হলেও দীর্ঘস্থায়ী সমাধান হচ্ছে না। এতে নৌযানগুলোর অতিরিক্ত এক-দেড় ঘণ্টা সময় ব্যয় হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালপত্র পরিবহনে জ্বালানি ব্যয়ও বাড়ছে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল নৌপথের নাব্যতা সংকটের কারণে প্রতি বছর ২৫ কোটি টাকা ব্যয় করে মিয়ারচর এলাকায় ড্রেজিং করা হলেও এ সমস্যা উত্তরণের দীর্ঘস্থায়ী সমাধান হয় না। অন্যান্য বছরের মতো এ বছরও উজান থেকে পলি জমে প্রকট নাব্যতা সংকট দেখা দিয়েছে। এ রুটে পলি পড়ার হারও বেশি। বিগত ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে মোংলা-পাকশী নৌপথ খনন প্রকল্পের আওতায় যথাক্রমে ১৪ লাখ ও সাড়ে ১০ লাখ ঘনমিটার খনন করা হয়েছিল। কিন্তু এখন প্রচণ্ড স্রোত এবং পানির গতিবেগ ঘণ্টায় ৬-৭ নটিক্যাল মাইল থাকায় কোনো ধরনের ড্রেজিং করা সম্ভব হচ্ছে না। তাই বর্তমানে নৌযানগুলো কালিগঞ্জ-ইলিশাঘাট-উলানিয়া হয়ে বরিশাল চলাচল করছে। এতে নৌপথের দৈর্ঘ্য ২৫ কিলোমিটারের অধিক হয়। ফলে আসা-যাওয়ায় প্রায় ৪ ঘণ্টা বেশি সময় লাগছে।

বিদ্যমান সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। তারা বিকল্প চাঁদপুর-শেওড়া-উলানিয়া-বাবুগঞ্জ-হিজলা-বরিশাল অথবা চাঁদপুর ভায়া লক্ষ্মীরচর-আলুবাজার-ইশানবালা-শেওড়া-দুর্গাপুর-হিজলা-বরিশাল নৌরুটের যেকোনো একটি ব্যবহার করার পরিকল্পনা করছে। এ দুটির যেকোনো একটি ব্যবহার করলে ঢাকা থেকে বরিশাল নৌপথের দূরত্ব ১৩ থেকে ১৫ কিলোমিটার কমার পাশাপাশি সময়ও বাঁচবে। চাঁদপুর-বরিশাল ভায়া উলানিয়া নৌপথটি খনন করা হলে দূরত্বের তেমন কোনো পরিবর্তন হবে না। লঞ্চ চলাচলেও সুবিধা হবে। সূত্র:বণিকবার্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION