বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়া উপজেলায় মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামি হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলামকে খুঁজছে পুলিশ। মামলা হওয়ার পর থেকে চেয়ারম্যান পলাতক রয়েছেন।
মঙ্গলবার বিকেলে নির্যাতনের শিকার পারভীন বেগম বাদী হয়ে চেয়ারম্যানকে প্রধান আসামি করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চেয়ারম্যানসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, এজাহার নামীয় তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। চেয়ারম্যানসহ অপর আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে গরু চুরির অপবাদ দিয়ে মা, মেয়ে ও ছেলেসহ পাঁচজনকে রশি দিয়ে বেঁধে মারধর করে হারবাং ইউনিয়নের পহরচাঁদা এলাকার কিছু দুর্বৃত্ত। পরে তাদের রাস্তায় ঘুরিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে দ্বিতীয় দফায় পেটায় চেয়ারম্যান মিরানুল ইসলাম। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ভয়েস/জেইউ।