মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এক মাসের যুদ্ধবিরতি এখন ‘অত্যন্ত সংকটাপন্ন অবস্থায়’ রয়েছে। সোমবার (১১ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর থাকলেও তা ‘অবিশ্বাস্য রকম দুর্বল’ হয়ে পড়েছে।
ট্রাম্প আরও বলেন, ‘এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে। যেন চিকিৎসক এসে বলছেন— রোগীর বাঁচার সম্ভাবনা মাত্র এক শতাংশ।’ তিনি আরও অভিযোগ করেন, ইরান আগের সমঝোতা থেকে সরে এসেছে এবং কখনোই তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, যেকোনো আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানের ১৪ দফা প্রস্তাবে বর্ণিত জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া অন্য কোনো পথ নেই।
এর আগে রবিবার যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শর্ত জানিয়ে যুক্তরাষ্ট্রের কাছে পাল্টা প্রস্তাব পাঠায় তেহরান। তবে ট্রাম্প সেই প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ ও ‘আবর্জনা’ বলে প্রত্যাখ্যান করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তেহরানের প্রস্তাব ছিল ‘দায়িত্বশীল’ ও ‘উদার’। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় ইরান প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানায়, তেহরানের প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানি বন্দর অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা এবং যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম অধিকারও জোর দিয়ে তুলে ধরা হয়েছে।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পুরোপুরি সরিয়ে নেওয়া এবং পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হয়েছে বলা যাবে না। এদিকে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত থাকায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে।
ভয়েস/আআ