বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে পৃথক অভিযানে ১ লক্ষ পিস ইয়াবা এবং দেশীয় অস্ত্র-গুলিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ সদস্যরা। এরমধ্যে টেকনাফে লবণ বোঝাই ট্রাক থেকে এক লাখ পিস ইয়াবা সহ ২জন ও ঈদগাঁও থেকে দেশীয় অস্ত্র ও গুলিসহ ২জনকে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুর দেড়টার দিকে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজার র্যাব-১৫ এর স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট হুমাইদ হাসান হা-মীম।
হুমাইদ হাসান হা-মীম জানান- ‘গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মে গভীর রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেগিল্যারবিল এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় লবণ বোঝাই একটি ট্রাক থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত সন্দেহে চট্টগ্রাম বাঁশখালী এলাকার আহমদ ছফার ছেলে মো: ইমরানুল ইসলাম (২০) ও টেকনাফের সাবরাং এলাকার রহমত উল্লাহ ছেলে নুর মোহাম্মদ (৪০)কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, ১৪ মে রাতে অভিযান চালিয়ে ঈদগাঁও উপজেলার আলমাছিয়া পূর্ব গেইট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ৫ রাউন্ড তাজা কার্তুজসহ ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকার মৃত, আব্দুল নবীর ছেলে এনামুল হক (২৩) ও নুর আহমদের ছেলে নুরুল আবছার (৪০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
ভয়েস/আআ