বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
টেকনাফের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড বাহিনী। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ এফভি রিফাত নামক একটি ফিশিং বোট ১৩ জন জেলেসহ টেকনাফ হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পরবর্তীতে, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪ টায় মাছ আহরণ শেষে পোতাশ্রয়ে ফেরার সময় বোটটি ইঞ্জিন বিকল হয়ে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে। এসময় উক্ত বোটে থাকা একজন জেলে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তৎক্ষণাৎ গভীর সমুদ্রে টহলে নিয়োজিত জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে সেন্টমার্টিন হতে ১২ নটিক্যাল মাইল দক্ষিণ হতে বিকল হওয়া বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ভয়েস/আআ