শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের চালানো নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। এ জন্য তিনি চারটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন। এগুলো হলো, গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও মানবিক সহায়তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধ করা।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা শরণার্থীশিবিরের ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব আহ্বান জানান। সমাবেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধি, বাংলাদেশ ও জাতিসংঘের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যের শুরুতে ২০১৭ সালে মিয়ানমারের নৃশংসতায় নিহত রোহিঙ্গাদের স্মরণ করেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, গতকাল (১৯ নভেম্বর) দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত কথা বলেছেন। আদালত রোহিঙ্গাদের নাম উচ্চারণ করেছেন। আদালতের সিদ্ধান্ত স্পষ্ট ২০১৭ সালে তাদের ওপর যা ঘটেছিল, তা ছিল গণহত্যা। ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিচার আদালত কোনও রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী সাব্যস্ত করেছেন।
তিনি বলেন, আদালত প্রমাণ পেয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী উত্তর রাখাইনে রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়ে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং নারী ও শিশুদের ওপর নির্যাতন চালিয়েছে। এসব ঘটনায় অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন করা হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব অপরাধ সংঘটিত হয়েছিল বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন। পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে।
ড. খলিলুর রহমান বলেন, কোনও আদালতের রায়ই মৃতদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে সত্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই ন্যায়বিচারের শুরু হয়। এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের বঞ্চনা ও নির্যাতনের সত্যতাকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছে।
রায় বাস্তবায়নে চার আহ্বান
আইসিজের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই উল্লেখ করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, রায় শুধু কাগজে থাকলে চলবে না, বাস্তব জীবনেও এর প্রতিফলন ঘটাতে হবে।
প্রথমত, গণহত্যা সনদের আওতায় অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। মিয়ানমারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জাতীয় আইন ও বিচারব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
দ্বিতীয়ত, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। এ জন্য নাগরিকত্বের অধিকার, চলাচলের স্বাধীনতা এবং বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা দিতে হবে। কোনও রোহিঙ্গাকে অনিরাপদ পরিবেশে ফেরত পাঠানো যাবে না। প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের নিজস্ব মতামত ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।
তৃতীয়ত, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। যেসব ক্ষতির প্রতিকার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ব্যক্তি ও সম্প্রদায়কে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে নিরাপদ প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত শরণার্থীশিবিরে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। এ দায়িত্ব শুধু বাংলাদেশের ওপর ছেড়ে দেওয়া যাবে না। আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের সহায়তা ও অর্থায়ন বাড়াতে হবে।
চতুর্থত, ভবিষ্যতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধে মিয়ানমারকে কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। এ জন্য নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ, বেসামরিক নিয়ন্ত্রণ এবং রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
রায় কার্যকর না হলে প্রশ্নবিদ্ধ হবে আন্তর্জাতিক ব্যবস্থা
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, আইসিজের রায় বাস্তবায়ন না হলে এ বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নিতে পারে। রায়টি পর্যালোচনা করা হচ্ছে। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত, এ ধরনের রায় আগে কখনও হয়নি।
তিনি বলেন, এ রায় প্রতিপালিত না হলে আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন সংস্থার মাধ্যমে গড়ে ওঠা পুরো আন্তর্জাতিক ব্যবস্থাই প্রশ্নবিদ্ধ হবে। আন্তর্জাতিক আইন ও বহুপক্ষীয় সহযোগিতার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হলে রায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে চলা জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা। কোনও রাষ্ট্র রায় বাস্তবায়নে ব্যর্থ হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এ বিষয়ে সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
বক্তব্যে ঐতিহাসিক এই আইনি লড়াইয়ে ভূমিকার জন্য গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্র, জাতিসংঘের তদন্তকারী দল এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ড. খলিলুর রহমান। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর আতিথেয়তার প্রশংসা করেন। আদালতে সাক্ষ্য দেওয়া নির্যাতিত নারী ও বেঁচে ফেরা রোহিঙ্গাদের সাহসিকতার কথাও তুলে ধরেন তিনি।
রোহিঙ্গাদের উদ্দেশে তিনি বলেন, নিউইয়র্ক থেকে নয়, তাদের পাশে দাঁড়াতেই তিনি শরণার্থীশিবিরে এসেছেন। জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে রোহিঙ্গাদের কণ্ঠস্বর পৌঁছে দেবেন। বিশেষ করে নারী, শিশু ও তরুণদের কথা তুলে ধরবেন।
তিনি বলেন, ইতিহাসে ১৯ নভেম্বর ২০২৬ সালকে রোহিঙ্গাদের ঘরে ফেরার পথচলা শুরুর দিন হিসেবে স্মরণীয় করে রাখতে চাই। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে দ্য হেগে। এখন আমাদের দায়িত্ব এই ক্যাম্পে এবং রাখাইনে আপনাদের নিজ নিজ গ্রামে সেই ন্যায়বিচার বাস্তবায়ন করা।
সমাবেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ