বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
অধরা খান কাজ করছেন দুটি নতুন সিনেমায়। সিনেমা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বললেন। করোনার সময়টা বাসাতেই কাটিয়েছি। এখন একটু বের হচ্ছি। তবে বাসায় বসে বই পড়া ও সিনেমা দেখা হচ্ছে। আর নতুন সিনেমা ও পুরনো সিনেমাগুলোর শ্যুটিংয়ের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে।
হাতে থাকা সিনেমা…
অপূর্ব রানার উন্মাদ সিনেমার শ্যুটিং শুরু হবে অক্টোবরে। আরও একটি সিনেমায় সাইন করেছি। এটিরও শ্যুটিং শুরু হবে অক্টোবরে। আশা করছি আগামী মাসে দুটি সিনেমার কাজ শুরু করব।
‘কভিড-১৯ বাংলাদেশ’…
সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘কভিড-১৯ বাংলাদেশ’ শিরোনামের একটি সিনেমায় কাজ করছি। এতে আমার বিপরীতে কাজ করছেন বাপ্পি চৌধুরী। সিনেমায় আমাকে একজন ডাক্তারের চরিত্রে দেখা যাবে। করোনা চলাকালীন আমরা এর শ্যুটিংয়ে অংশ নিয়েছিলাম। মূলত করোনা সময়টাকে ধারণ করার প্রয়োজনেই ওই সময় শ্যুটিং করতে হয়েছিল। অনেকটা ঝুঁকি নিয়েই আমরা কাজটা করেছি। পরে করোনার কারণে বাকি শ্যুটিং বন্ধ করা হয়েছে। এ সিনেমার শ্যুটিংও শিগগিরই শুরু হবে। করোনাকালীন পরিস্থিতি নিয়েই নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। বাপ্পির সঙ্গে এটা আমার দ্বিতীয় মুভি। এর আগে নায়ক সিনেমায় কাজ করেছিলাম। নায়ক ২০১৮ সালে মুক্তি পায়।
দুই সিনেমা…
এ পর্যন্ত আমার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৮ সালের অক্টোবর মাসেই এক সপ্তাহের ব্যবধানে সিনেমা দুটি মুক্তি পায়। একটি ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ আরেকটি শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’।
মুক্তির অপেক্ষা…
আমার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নায়ক’; কিন্তু মজার ব্যাপার হলো যে আমি প্রথমবার নায়িকা হিসেবে যে সিনেমার সেটে দাঁড়িয়েছিলাম, সেটা হলো ‘পাগলের মতো ভালোবাসি’। অথচ আমার প্রথম অভিনীত সিনেমাটি আজও মুক্তি পায়নি। শাহীন সুমন পরিচালিত এ সিনেমাটির সব কাজ শেষ। করোনা শেষ হলে মুক্তি পেতে পারে। এ সিনেমায় আমার বিপরীতে রয়েছেন আসিফ নূর ও সুমিত। এ সিনেমাটা ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে। কলেজপড়ুয়া শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছি এ সিনেমায়।
ক্যারিয়ারে ঘাত-প্রতিঘাত…
আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই ২০১৬ সালের শেষের দিকে। আর আমার প্রথম সিনেমা মুক্তি পায় ২০১৮ সালে। ফলে অভিষেক ধরলে আমার ক্যারিয়ার মূলত দুই বছরের। এর মধ্যে আবার একটা বছর কেড়ে নিয়েছে করোনা। ২০২০ সালে আসলে ওই অর্থে কোনো কাজ হচ্ছে না। এ বছরের শুরুতে যে সিনেমাগুলো ছিল সেগুলোর কাজই বছরের শেষে শুরু হচ্ছে। আর খুব যে ঘাত-প্রতিঘাত মোকাবিলা করতে হয়েছে তা কিন্তু নয়, কারণ আমি শুরুই করেছি মাত্র। ফলে আমি এখনো স্ট্রাগল করে যাচ্ছি। আরও কয়েক বছর পর হয়তো বলতে পারব ঘাত-প্রতিঘাতের ফল কতটুকু পেয়েছি।
ব্যক্তিজীবন…
সিনেমার পর্দায় নায়কদের সঙ্গে প্রেম চলছে, কিন্তু বাস্তবজীবনে আমি কারও সঙ্গে প্রেম করছি না।নিজের কাজ, ক্যারিয়ার, আর পরিবারকেই সময় দিচ্ছি। সূত্র:দেশ রূপান্তর।